তামিমদের রোমাঞ্চকর জয়

লড়াইটা হলো যেনো জাতীয় দলের সাবেক ওপেনার জুনায়েদ সিদ্দিকীর সাথে বর্তমান ওপেনার তামিম ইকবালের। জুনায়েদ ৭০ রান করে খুলনা টাইটান্সকে এনে দিলেন ১৮১ রানের স্কোর। জবাবে তামিম কুমিল্লার ভিত গড়ে দিলেন ৭৩ রানের ইনিংস খেলে। আর শেষ পর্যন্ত থিসারা পেরেরার মারকুটে ব্যাটিংয়ে খুলনার বিপক্ষে ৭ উইকেটের জয় পেলো কুমিল্লা।

আগে ব্যাট করা খুলনা ১৮১ রান তুলেছিল ৭ উইকেটে। জবাবে ২ বল হাতে রেখে ১৮৬ রান করে ফেলে কুমিল্লা।

এর আগে গতকাল দিনের প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সকে সাকিব আল হাসানের নৈপুণ্যে ৬ উইকেটে হারিয়েছে ঢাকা ডায়নামাইটস।

কুমিল্লার বিপক্ষে আগে ব্যাট করেছিল খুলনা। শুরুতেই ওপেনার জহুরুল ইসলাম অমির উইকেট হারায় তারা। কিন্তু ইনিংসটা ধরে রেখেছিলেন জুনায়েদ। এক প্রান্তে তিনি আগ্রাসী ব্যাটিং করে গেছেন। তাকে সঙ্গ দিয়েছেন আল আমিন জুনিয়র। আল আমিন ১৯ বলে ৩২ রানের ইনিংস খেলেন। এরপর ডেভিড মালান ২৫ বলে করেন ২৯ রান। আর শেষ পর্যন্ত রান আউট হওয়ার আগে জুনায়েদ ৪১ বলে ৪টি চার ও ৪টি ছক্কায় ৭০ রান করেন।

জবাব দিতে নামা কুমিল্লাকে দারুণ এক শুরু এনে দেন তামিম ও এনামুল হক বিজয়। বিনা উইকেটে ১১৫ রান তুলে ফেলেন তারা। তামিম ৪২ বলে ১২টি চার ও একটি ছক্কায় ৭৩ রান করে আউট হন। পরপর ফিরে আসেন ৩৭ বলে ৪০ রান করা বিজয়। এরপর ইমরুল কায়েস এক প্রান্তে ১১ বলে ২৮ রান করেন। কিন্তু কুমিল্লা খুব দ্রুত কয়েকটা উইকেট হারিয়ে ফেলে। তখন এসে থিসারা পেরেরা ও শহীদ আফ্রিদি ম্যাচে ফেরান দলকে। আফ্রিদি ৯ বলে ১২ রান করে ফেরেন। আর পেরেরা ৭ বলে ১৮ রান করে দলের জয় নিশ্চিত করে তবে মাঠ ছাড়েন।