একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাডাকাতি হয়েছে বলে অভিযোগ করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, এ নির্বাচনে রাষ্ট্রকে হাইজ্যাক করে জনগণের ভোটাধিকারকেও হাইজ্যাক করা হয়েছে। গতকাল শুক্রবার গণফোরামের আরামবাগ অফিসে এক সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা-৬ আসনে ধানের শীষের প্রার্থী ও গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরীর পক্ষে কাজ করা নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় কামাল হোসেন বলেন, জনগণের ভোটাধিকার হাইজ্যাককারীদের বলতে চাই, এসব করে কেউ পার পাবেন না। হাজার হাজার কোটি টাকা ডাকাতি করা হয়েছে। জনগণের সম্পদ লুটপাট করা হচ্ছে। দ্রুত এসব থেকে বিরত থাকুন। লুণ্ঠিত সম্পদ মানুষকে বুঝিয়ে দিয়ে সরে পড়ুন।