চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন ঘিরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণ বেশ জমজমাট। ২৫ জানুয়ারির এই নির্বাচনকে ঘিরে গত সপ্তাহ থেকেই উত্সবমুখর পরিবেশে ভোট চাচ্ছেন পরিচালকরা। প্রায় প্রতিদিনই পরিচালকরা সকাল থেকে এফডিসিতে যাওয়া-আসা শুরু করেছেন। প্রতিদিনই এফডিসির ক্যান্টিন ও পরিচালক সমিতির সামনে চলছে নির্বাচনী আড্ডা। এছাড়া সাধারণ ভোটারদের সরব উপস্থিত লক্ষ্য করা যাচ্ছে। এবারের নির্বাচনে দুটি প্যানেল থেকে প্রার্থীরা নির্বাচন করবেন বলে জানা গেছে। এর একটি চলচ্চিত্র নির্মাতা মুশফিকুর রহমান গুলজার-বদিউল আলম খোকন প্যানেল। অন্যটি বাদল খন্দকার-বজলুর রাশেদ চৌধুরী প্যানেল।
বলিউল আলম খোকন বলেন, ‘আসন্ন নির্বাচনে প্রধান কমিশনার হিসেবে থাকবেন আবদুল লতিফ বাচ্চু। আরো দুই সহকারী কমিশনার হিসেবে থাকবেন শফিকুর রহমান, ডিএইচ নিশান। ভোটারদের প্রাপ্ত ভোটে নির্বাচিত ১৯ জন পরিচালককে নিয়ে নতুন কমিটি গঠন হবে।’
স্বতন্ত্র প্রার্থী হয়ে মহাসচিব পদে লড়ছেন সাফি উদ্দিন সাফি। তিনি বলেন, ‘পরিচালক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী সবাই স্বতন্ত্র প্রার্থী। এখানে কোনো প্যানেলের সিস্টেম নেই। এরপরও নিজেরা মিলে একসঙ্গে বোঝাপড়া থেকে প্যানেল তৈরি করা হয়। তবে অফিসিয়ালি সবাই স্বতন্ত্র প্রার্থী।’