বিনোদন ডেস্ক
বাংলাদেশ টেলিভিশনের বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন প্রচার হবে আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর। এই পর্ব সাজানো হয়েছে মোট ১৭টি পরিবেশনা দিয়ে। পরিবর্তনের এবারের পর্বে প্রচার হবে ৪টি নতুন গান। এরমধ্যে একটি গান গেয়েছেন শিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক আরেফীন রুমি। গানটির কথা লিখেছেন গীতিকবি জাহিদ আকবর। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শিল্পী নিজেই। এছাড়া আরেফীন রুমির সর্বাধিক জনপ্রিয় গানের গীতিকার জাহিদ আকবর। আবারো এই পুরোনো জুটি এক হলো পরিবর্তন অনুষ্ঠানে। আরো রয়েছে মিলনায়তনের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত ৩ জন দর্শক নিয়ে দর্শক প্রতিযোগিতা পর্ব। হজম আলী, মামা-ভাগ্নে, মদন-ভোলা, পরিবর্তন পাঠশালা, মুদ্রাদোষ-খাঁচকাটা খাঁচকাটা, উল্টো চলা, হিট করছে, মমিন-হাতেম, দুই মহিলা, তিন ব্যক্তি, মানিক-রতন প্রভৃতি নিয়মিত পর্বে রয়েছে সমাজের সমসাময়িক ঘটনাবলি, নানা অসংগতি ও ত্রুটি-বিচ্যুতি নিয়ে রচিত ব্যাঙ্গাত্মক ও হাস্যরসাত্মক বিভিন্ন নাট্যাংশ। নাট্যাংশগুলোতে থার্টিফার্স্ট নাইট, দেশাত্মবোধ, অর্থনীতিতে কৃষকের অবদান, ফেসবুকের অপব্যবহার, ঘুষ দুর্নীতি ও বিদেশি অপসংস্কৃতি চর্চা প্রাধান্য পেয়েছে। সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় পরিবর্তনের পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ।