মাগালান ঝলকে চট্টগ্রাম আবাহনীর জয়

চট্টগ্রাম আবাহনী  ১: মুক্তিযোদ্ধা ০; সাইফ স্পোর্টিং ২ :রহমতগঞ্জ ১

 স্পোর্টস রিপোর্টার

চট্টগ্রাম আবাহনীকে জয় এনে দিয়েছেন নাইজেরিয়ান ফুটবলার আওয়ালা মাগালান। বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় দিনে গতকাল খেলাটিতে ৪৯ মিনিটে তিনি দৃষ্টিনন্দন ফ্রিকিকে যে গোলটি করেছেন তা স্মরণ রাখার মতোই। তাতে চট্টগ্রাম আবাহনী ১-০ গোলে হারায়  মুক্তিযোদ্ধাকে। 

এই আওয়ালা মাগালান গত মৌসুমে খেলেছেন মুক্তিযোদ্ধায়। তাকে নজরে রেখে নতুন মৌসুমে দলে নিয়েছেন চট্টগ্রাম আবাহনীর কোচ জুলফিকার মাহমুদ মিন্টু। রেফারি নাহিদ যখন ফ্রিকিকের বাঁশি বাজান তখন ডাগআউটে দাঁড়িয়ে কোচ মিন্টু মাগালানকে ফ্রিকিক নেওয়ার নির্দেশ দেন। হ্যামষ্ট্রিং ইনজুরি ছিল তার। ইনজুরি নিয়েই খেলেই গোলও করলেন। খেলা শেষে এই নাইজেরিয়ান বললেন, ‘এটা তার ক্যারিয়ারে সেটপিসে প্রথম গোল।’  

কোচ মিন্টু খেলা শেষে বলছিলেন, ‘আমি মাগালানকে ফ্রিকিক করতে বলেছিলাম কারণ ও যদি মারে একটা গোল হওয়ার চান্স আছে। কাজে লেগে গেছে।’

মুক্তিযোদ্ধা অবশ্য গোল হজমের পর চাপ বাড়ায়। কিন্তু তাতে লাভ হলো না। কোচ আব্দুল কাইউম সেন্টু মনে করেন, ‘যতই ভালো খেলেন শেষ হিসাবটা হচ্ছে আল্লাহর ফেভার দরকার হয়। সেটা পাইনি। তারপরও আমি খুশি যে ওরা যতটুকু খেলেছে তা বলব ভালোই খেলেছে। এটা ধরে রাখতে পারলেই চলবে।’

চট্টগ্রাম আবাহনীর কোচ মিন্টুও বলে গেলেন কখনো কখনো আপনাকে ভাগ্যের উপর ভর করতে হবে। শেষ মুহূর্তে মুক্তিযোদ্ধার চাপ প্রসঙ্গে বললেন, ‘এটাই বলে দেয় লিগে খুব সহজেই জেতা যাবে না।’    

সাইফ জিতেছে ময়মনসিংহে

ঢাকার মাঠে কাল দর্শক খুব একটা ছিল না। তবে ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে দর্শক এসেছিলেন। বাফুফের সদস্য জাকির হোসেন চৌধুরী দাবি করেন,‘দশ বারো হাজার দর্শক এসেছিলেন মাঠে। টিকিট ২০ ও ৫০ টাকা। খেলায় বেশ উত্তেজনা ছিল। দর্শকও আনন্দ পেয়েছে।’ ময়মনসিংহের ভেন্যু সাইফ স্পোর্টিং ও আরামবাগের। কাল প্রথম খেলায় সাইফ ২-১ গোলে রহমতগঞ্জকে হারিয়েছে। ৩৭ মিনিটে জাবেদ খান এবং ৪৬ মিনিটে হাসান নয়ন। শেষ মুহূর্তে রহমতগঞ্জের ফয়সাল আহমেদ গোল করেন।

আজকের খেলা ঃ

মোহামেডান ও বিজেএমসি। ৪টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম। শেখ রাসেল ও আরামবাগ। ৩টা, রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম, ময়মনসিংহ।