স্পোর্টস ডেস্ক
সেরেনা উইলিয়ামস জানিয়েছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় সিমোনা হ্যালেপের বিরুদ্ধে আসন্ন লড়াইয়ে তিনি নিজেকে পরখ করার সুযোগ পাবেন। যদিও এই হালেপের কাছে হেরেই বিদায় নিয়েছেন উইলিয়ামস বোনদের অপরজন ভেনাস।
হ্যালেপ ও সেরেনা চতুর্থ রাউন্ডে মুখোমুখি হচ্ছেন। আগামীকাল সোমবার হবে দুজনের এ লড়াই। ২৩টি গ্র্যান্ড স্ল্যামের অধিকারী সেরেনা গতকাল শনিবার অস্ট্রেলিয়ান ওপেনে ইউক্রেনের ১৮ বছরের ডায়ানা ইয়াসতেমস্কাকে ৬-২ ও ৬-১ গেমে হারিয়ে শেষ ষোলয় ওঠেন।
আমেরিকান সেরেনা গত বছর কন্যা সন্তানের জন্মদানের পর টেনিস কোর্টে ফিরলেও এর আগে ডব্লিউটিএ’র শীর্ষ র্যাংকিংয়ের কোনো খেলোয়াড়ের মুখোমুখি হননি। এ ব্যাপারে তিনি কথা বলেন ভেনাস ও হ্যালেপের খেলাটির আগে এবং তার কাছে বিষয়টি জানতে চাওয়া হয়েছিল। প্রতিযোগিতার ১৬তম বাছাই সেরেনা তখন বলেন,‘সত্যি বলছি আমি বিশ্বের এক নম্বরের বিরুদ্ধে খেলতে যাওয়াটা পছন্দ করছি। একই সঙ্গে আমি চাই ভেনাস জিতুক। দুটো ব্যাপারই ভাবছি আমি। উভয় বিপক্ষের সঙ্গে খেলার জন্যই আমি প্রস্তুত থাকবো।’
তিনি আরো বলেন,‘ব্যাপারটা দারুণ হবে। কারণ কোর্টে ফেরার পর আমি এখনো বিশ্বের এক নম্বর খেলোয়াড়ের বিরুদ্ধে খেলিনি। কাজেই, হ্যাঁ, এটা দারুণ হবে।’
উইলিয়ামস বোনরা গত বছরের ইউএস ওপেনের পর আর মুখোমুখি হননি। কোয়ার্টার ফাইনালের সে লড়াইয়ে সেরেনা সরাসরি সেটে জিতেছিলেন। কিন্তু হ্যালেপের কাছে গতকাল ৬-২ ও ৬-৩ সেটে হেরে যাওয়ায় ভেনাস-সেরেনা লড়াইয়ের সুযোগ থাকলো না।
রোমানিয়ান হ্যালেপ ২০১৬ সালের ইউএস ওপেনের পর এই প্রথম সেরেনার মুখোমুখি হবেন। কিংবদন্তি নারী টেনিস খেলোয়াড় মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ডস্ন্যাম জয়ের রেকর্ড থেকে আর কেবল একটি শিরোপা দূরে আছেন বর্তমানে ৩৭ বছর বয়সী সেরেনা।
অস্ট্রেলিয়ান মার্গারেট কোর্ট তার ২৪টি গ্র্যান্ডস্লামের ১৩টিই জিতেছিলেন ১৯৬৮ সালের আগে। ওই বছরের পর মেয়েদের টেনিস পুরোপুরি পেশাদারিত্বে রূপ নেয়।
জকোভিচের জয়।
এদিকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠানরত বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামটিতে জিতে চলেছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় নোভাক জকোভিচ। যদিও কানাডার কিশোর টেনিস খেলুড়ে ডেনিস শাপোভালোভের বিরুদ্ধে তৃতীয় সেটে হেরে গিয়েছিলেন। তারপরও ৬-৩, ৬-৪, ৪-৬ ও ৬-০ গেমে জিতে চতুর্থ রাউন্ডে উঠতে সমস্যা হয়নি তার।
জকোভিচ এ জয়টির সুবাদে ২৮ জানুয়ারি বের হতে যাওয়া বিশ্ব র্যাংকিংয়েও এক নম্বরেই থাকছেন। সর্বশেষ জয়টির সুবাদে এখন আরেক তরুণ রাশিয়ার ড্যানিয়েল মেদভেদেবের মুখোমুখি হবেন ১৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই সার্বীয় তারকা।