লেভান্তের অভিযোগ নাকচ
কোপা দেল রে
স্পোর্টস ডেস্ক
শিরোপাধারী বার্সেলোনার বিরুদ্ধে লেভান্তের অভিযোগ নাকচ করে দিয়েছে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন। ফলে মাঠের খেলায় শেষ ষোলোর দুই লেগের লড়াইয়ে ৪-২ গোলে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে লিওনেল মেসির দল। শেষ আটে তাদের প্রতিপক্ষ গেলবারের ফাইনালিস্ট সেভিয়া।
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্ব্বী রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ জিরোনা। কোয়ার্টার ফাইনালের অন্য দুই লড়াইয়ে ভ্যালেন্সিয়া মুখোমুখি হবে গেতাফের, আর এস্পানিওল খেলবে রিয়াল বেতিসের বিপক্ষে। বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দে শিরোপা রক্ষার মিশনে শেষ ষোলোর প্রথম লেগে লেভান্তের বিপক্ষে অভিজ্ঞ খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছিলেন। ফলে বার্সেলোনা যুবদলের ডিফেন্ডার চুমি ব্রান্দারিজকে দলে এনেছিলেন তিনি। খেলোয়াড়টি তৃতীয় বিভাগের লিগে পাঁচটি হলুদ কার্ড দেখে এক ম্যাচের নিষেধাজ্ঞায় ছিলেন। লেভান্তের অভিযোগ ছিল, চুমির নিষেধাজ্ঞা কোপা দেল রের ম্যাচে প্রযোজ্য। এ নিয়ে দ্বিতীয় লেগের পরে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে অভিযোগ জানায় লেভান্তে।
তবে ম্যাচটির ৪৮ ঘণ্টারও বেশি সময় পরে অভিযোগ জানানোয় সেটিকে আমলে নেয়নি অ্যাসোসিয়েশন। ফলে ৪-২ গোলে জিতে দ্বিতীয় রাউন্ড শেষ করার প্রায় এক দিন পর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলো বার্সেলোনার।
শেষ আটে প্রতিপক্ষ হিসেবে সেভিয়াকে পেয়েছে বার্সেলোনা, গেল আসরের ফাইনালে যাদের ৫-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল কোচ ভালভার্দের শিষ্যরা। লেগানেসের কাছে শেষ ষোলোর লড়াইয়ের দ্বিতীয় লেগে ১-০ গোলে হেরেছিল রিয়াল। কিন্তু দুই লেগ মিলিয়ে এগিয়ে থাকায় শেষ আটে আসা রিয়াল খেলবে তাদেরই নগর প্রতিদ্বন্দ্ব্বী অ্যাটলেটিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আসা জিরোনার বিপক্ষে। নিজেদের মাঠে প্রথম লেগ খেলবে কোচ সান্তিয়াগো সোলারির দল।