পাকশী রেলওয়ে বালিকা বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উত্সব

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

পাকশীর অপরূপ নৈসর্গিক পরিবেশে ১৯১৮ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বাংলাদেশ রেলওয়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দুইদিনব্যাপী শতবর্ষ পূর্তি উত্সব ও পুনর্মিলনী শুক্রবার বিকেলে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি পাবনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী আলহাজ শামসুর রহমান শরীফ শতবর্ষ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। বিভাগীয় রেলওয়ে ম্যানেজার ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ নাজমুল ইসলামের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের সিএসটিই অসীম কুমার তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হোসেন ভূঁইয়া, বিবিএস কেবলস-এর পরিচালক আশরাফ আলী খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ রশিদুল্লাহ, জেলা পরিষদের সদস্য ছাইফুল ইসলাম বাবু মন্ডল। পাকশীর চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস।

‘শতবর্ষে শত প্রাণ, বাজুক মনে ঐক্যতান’- এই স্লোগানে আলোকিত মানুষ গড়ার বিদ্যাপীঠ পাকশী রেলওয়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় তার গৌরব ও ঐতিহ্যের ১০০ বছর পূর্ণ করেছে। বিভিন্ন অনুষ্ঠান ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হবে ব্রিটিশ শাসনামলে পরিকল্পিত নগরী পাকশীর অপরূপ নৈসর্গিক পরিবেশে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বাংলাদেশ রেলওয়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও পুনর্মিলনী উত্সব। শতবর্ষ পূর্তি উত্সবে আসা শিক্ষার্থীদের অনেকেই দেশে ও বিদেশে প্রতিষ্ঠিত। হাজারো নবীন-প্রবীণের প্রাণোচ্ছল অংশগ্রহণে সবুজে প্রকৃতি আর শীতের সন্ধ্যা ছিল প্রাণচাঞ্চল্যে উচ্ছল।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন শতবর্ষ পূর্তি উত্সবের আহবায়ক হাবিবুল ইসলাম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন।