স্বরূপকাঠিতে আওয়ামী লীগের দুই মনোনয়ন প্রত্যাশীর শোডাউন

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

আসন্ন স্বরূপকাঠি উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গতকাল শনিবার দুই মনোনয়ন প্রত্যাশীর সমর্থকরা একই সময়  আলাদাভাবে বিশাল শোডাউন করে। উপজেলা চেয়ারম্যান পদের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সম্পাদক অ্যাডভোকেট এস এম ফুয়াদের সমর্থনে মিয়ারহাট বন্দরে এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মোঃ জাকারিয়া খান স্বপনের সমর্থনে ইন্দুরহাট বন্দরে শোডাউন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সম্পাদক অ্যাডভোকেট এস এম ফুয়াদের সমর্থনে বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের মিছিলটি মিয়ারহাট বন্দরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। ফজলুল হক খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মাহাবুবুর রহমান বাদল, অ্যাডভোকেট আহসানুল হক কিমু, অ্যাডভোকেট আলাউদ্দিন।

অপরদিকে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোঃ জাকারিয়া খান স্বপনের সমর্থনে সরকারি স্বরূপকাঠি কলেজের শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ তোহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোঃ হুমায়ুন কবির চান, যুবলীগ নেতা মোঃ নাসির আহম্মেদ, সাজ্জাদুর রহমান কাঞ্চন, মোঃ মাসুদ করিম প্রমুখ। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল ইন্দুরহাট বন্দর প্রদক্ষিণ করে।