বিএসএমএমইউয়ে শিশু কিডনি রোগের চিকিৎসাবিষয়ক ন্যাশনাল গাইডলাইন উদ্বোধন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেছেন, স্বাভাবিকভাবেই শিশুরা তাদের রোগের উপসর্গ যথাযথভাবে বলতে না পারায় শিশুদের চিকিৎসাসেবা দেওয়া কিছুটা জটিল। শিশু কিডনি রোগের সমন্বিত চিকিৎসাবিষয়ক ন্যাশনাল গাইডলাইন প্রকাশ শিশু কিডনি রোগের চিকিৎসার ক্ষেত্রে মাইলফলক হয়ে থাকবে। 

গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকের ডা. মিল্টন হলে স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় শিশু কিডনি বিভাগের উদ্যোগে তৈরিকৃত শিশু কিডনি রোগের সমন্বিত চিকিৎসাবিষয়ক ন্যাশনাল গাইডলাইন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। এছাড়া উপাচার্য শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ, ছাত্রছাত্রীসহ সারা দেশে চিকিৎসকদের জন্য শিশু কিডনি রোগ ও চিকিৎসাবিষয়ক পাঁচটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

আরো পড়ুন: থার্টি ফার্স্টে কয়েক এলাকায় চলাচলে নির্দেশনা

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, অনলাইনে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। 

‘ন্যাশনাল গাইডলাইন ফর ম্যানেজমেন্ট অফ পেডিয়াট্রিক কিডনি ডিজিজ’ শীর্ষক গাইডলাইনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু কিডনি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. গোলাম মাঈনউদ্দিন।

ইত্তেফাক/ইউবি