দায়িত্ব পালন থেকে বিরত থাকার ঘোষণা আন্দোলনরত শিক্ষকদের
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
নতুন পদোন্নতিপ্রাপ্ত প্রায় ৬০ জন সহকারী অধ্যাপক ও প্রগতিশীল শিক্ষক ফোরামের শিক্ষকরা পরীক্ষা গ্রহণের দায়িত্ব থেকে বিরত থাকার ঘোষণা দিলেও আজ রবিবার থেকে শুরু হচ্ছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০১৯ সালের স্নাতক ভর্তি পরীক্ষা।
হাবিপ্রবি কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষকদের আন্দোলনের ফলে কিছুটা বিঘ্ন সৃষ্টি হলেও পরীক্ষা গ্রহণে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না। এদিকে হাবিপ্রবিতে টানা দুই মাসেরও বেশি সময় ধরে নতুন পদোন্নতিপ্রাপ্ত সহকারী অধ্যাপক ও প্রগতিশীল শিক্ষক ফোরাম ক্লাস ও পরীক্ষা গ্রহণে বিরত থেকে তাদের আন্দোলন অব্যাহত রেখেছে।
হাবিপ্রবি’র রেজিষ্ট্রার প্রফেসর ড. সফিউল আলম জানান, ২০১৯ সালের স্নাতক ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখ ছিল ১০ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর। অনিবার্য কারণবশত ভর্তি পরীক্ষা পিছিয়ে ২০ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। কোনোভাবেই আর পরীক্ষা পেছানো সম্ভব নয়। ইতোমধ্যেই সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে।
নতুন পদোন্নতিপ্রাপ্ত সহকারী অধ্যাপক ও প্রগতিশীল শিক্ষক ফোরামের আন্দোলন ও পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তের ব্যাপারে তিনি বলেন, ভর্তি পরীক্ষা হচ্ছে একটা উত্সবের মতো। এই ভর্তি পরীক্ষায় সব শিক্ষকেরই অংশগ্রহণ থাকলে ভালো হতো। কিন্তু তারা যদি না আসে, তাহলে তো আর কিছু করার নেই। এরপরও ভর্তি পরীক্ষা গ্রহণে কোনো সমস্যা হবে না। আর পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হবে মেশিন রিডেবল পদ্ধতিতে। তাই পরীক্ষার ফল ঘোষণা করতেও কোনো সমস্যা হবে না। এ ব্যাপারে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক পরীক্ষার্থীদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান তিনি। এরপরও তিনি আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয়ের বৃহত্ স্বার্থে শেষ পর্যন্ত সব শিক্ষকরাই ভর্তি পরীক্ষার দায়িত্ব পালন করবেন।
নতুন পদোন্নতিপ্রাপ্ত সহকারী অধ্যাপক ও প্রগতিশীল শিক্ষক ফোরাম গত বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর দেওয়া পৃথক দু’টি চিঠিতেই বিশ্ববিদ্যালয়ের চলমান সংকটের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ না করায় ভর্তি পরীক্ষায় দায়িত্ব পালন থেকে বিরত থাকার বিষয়টি উল্লেখ করেছে। সংকটের সমাধান হলেই সকল ধরনের একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করার কথা উল্লেখ করা হয়েছে চিঠিতে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রবিবার ‘জি’ ও ‘সি’ ইউনিটের, ২১ জানুয়ারী সোমবার ‘এফ’ ও ‘সি’ ইউনিটের, ২২ জানুয়ারি মঙ্গলবার ‘বি’ ও ‘ডি’ ইউনিটের এবং ২৩ জানুয়ারি বুধবার ‘এ’ ও ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ভর্তি পরীক্ষায় হাবিপ্রবি’র ২০০৫টি আসনে ভর্তির জন্য অংশ নিচ্ছে ১ লাখ ১২ হাজার ১৯২ জন।