বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের দ্বন্দ্বে ২০০৯ সালে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় সারির দল মাঠে নামিয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ১১ বছর পর সেই স্মৃতি ফিরিয়ে আনছে ক্যারিবিয়ানরা। করোনার ভয়, ব্যক্তিগত কারণ দেখিয়ে শীর্ষ ক্রিকেটারদের ছাড়া এক ঝাঁক নতুন মুখ নিয়ে গত মঙ্গলবার বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। করোনায় প্রায় ১০ মাস বিরতির পর এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ।
টেস্ট, ওয়ানডের নিয়মিত অধিনায়ক জ্যাসন হোল্ডার, কাইরন পোলার্ডসহ প্রথম সারির ক্রিকেটাররা আসছেন না। সফরকারীদের দলটা দেখার পরই বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে হতাশা ছড়িয়ে পড়েছে। ক্রিকেটপ্রেমীরা সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করেছেন। বুধবার বিসিবি একাডেমি মাঠে অনুশীলন শেষে জাতীয় দলের এক সিনিয়র ক্রিকেটারও বললেন, ‘ওয়েস্ট ইন্ডিজ এটা কি দল পাঠাচ্ছে ভাই? ওরা আইপিএল খেললো, নিউজিল্যান্ড-ইংল্যান্ডে গেল, আমাদের এখানে এমন দল পাঠাচ্ছে! পূর্ণ শক্তির দল আসলে সিরিজে ভালো লড়াই দেখা যেত।’
টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক ও জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু অবশ্য প্রতিপক্ষের দল নিয়ে হতাশা প্রকাশ করেননি। তাদের দৃষ্টি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার দিকে। লম্বা সময় পর ক্রিকেটে ফিরবে বাংলাদেশ, তাতেই উদ্দীপ্ত তারা। প্রতিপক্ষ দল যেমনই হোক, নিজেদের সেরাটা দিতে চায় টাইগাররা।
মুমিনুল সম্মান দিচ্ছেন উইন্ডিজ দলকে। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট যারা খেলে তারা সবাই ভালো। ওরা যদি এক নম্বর দলও পাঠায় আমি তো আমার প্রসেস অনুযায়ী খেলি। আমাদের প্ল্যান, রুটি, প্রসেস অনুযায়ী খেলবো।’
মুমিনুলের চোখে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগটাই বড়। তিনি বলেন, ‘অনেকদিন পর টেস্ট খেলবো, এটা অনেক ভালো একটা সুযোগ আমাদের জন্য। আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। একটা কথা বলবো, আগেও ওদের পূর্ণ শক্তির দল এসেছিল। আমাদের কাছে হেরেছিল। ওরা কি দল পাঠাচ্ছে, এটা নিয়ে আমরা ভাবছি না। আমরা অনেকদিন পর আন্তর্জাতিক ক্রিকেট খেলবো, এটা আমাদের কাছে সুযোগ। আমরা নিজেদের সেরাটা খেলতে শতভাগ চেষ্টা করবো।’ শাই হোপ, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, শেলডন কটরেল, রোস্টন চেজের মতো পরীক্ষিত পারফরমাররাও আসছেন না এই সফরে।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু করোনার বিরতির পর নতুন শুরুর দিকেই দৃষ্টি দিচ্ছেন। তিনি বলেছেন, ‘আমাদের জায়গায় আমাদের ঠিক থাকতে হবে। আমাদেরও একটা বিরতির পর নতুন করে শুরু।’
এমন দলের বিরুদ্ধে সিরিজে সব ম্যাচ জয়ের চাপ বাংলাদেশ দলের উপর থাকবে কিনা জানতে চাইলে প্রধান নির্বাচক বলেছেন, ‘না, চাপ না। আমাদের দৃষ্টিকোন থেকে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। নতুন খেলোয়াড় কিছু থাকলেও দেখেন ওয়েস্ট ইন্ডিজ কিন্তু আমাদের চেয়ে টেস্টে, ওয়ানডে, টি-২০ তে অভিজ্ঞ দল। আমাদের ফোকাসটা আমাদের খেলাতেই রাখতে হবে।’
ইত্তেফাক/এসআই