নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের দিঘলা চাপারকোনা বাজারের মাজেদা ফার্মেসির মালিক হাদিস মিয়া এবং নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের সাপমারা পূর্বপাড়ায় আশীষ কুমার সাহা (৪৮) নামে এক দোকান কর্মচারী নৃশংসভাবে খুন হয়েছেন।
জানা গেছে, ফার্মেসি মালিক হাদিস মিয়াকে কে বা কারা শুক্রবার রাতে খুন করে ধান ক্ষেতে ফেলে রেখে যায়। নেত্রকোনা পুলিশ গতকাল শনিবার সকালে তার লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। তিনি নারায়ণপুর গ্রামের মৃত আব্দুল আলীর পুত্র। পুলিশ খুনের ঘটনার সাথে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, রাতে ফার্মেসি থেকে বাসায় যাবার পথে তাকে অজ্ঞাত লোকেরা তার উপর হামলা করে এবং প্রচণ্ড মারধর করে। তার বাম চোখও উপড়িয়ে ফেলা হয়। ঘটনাস্থলেই সে মারা যায়। সকালে তার লাশ নিকটবর্তী ধান ক্ষেতে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ শনিবার সকালে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা হাসপাতাল মর্গে পাঠায়। পূর্ব শত্রুতার জের ধরে এই খুনের ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা।
অপর দিকে নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের সাপমারা পূর্বপাড়ায় বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা আশীষ কুমার সাহা (৪৮) নামে এক দোকান কর্মচারীকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেছে।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল স্থানীয় লোকজনের বরাত দিয়ে জানান, মৃত ক্ষিতিশ চন্দ্র সাহা’র ছেলে আশীষ কুমার সাহা জেলা শহরের বড়বাজারস্থ প্রতিমা বস্ত্রালয়ে কর্মচারী হিসেবে কাজ করতেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও আশীষ রাতে বাজার করে বাড়ি ফিরছিলেন। রাত আনুমানিক ১২টার দিকে নিজ গ্রাম সাপমারা পূর্বপাড়ার সন্নিকটে পৌঁছলে কে বা কারা রাস্তায় তাকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তমাখা লাশ উদ্ধার করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।