গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে জুবা বেগম (৪৮) ও ট্রেনের নিচে লাফ দিয়ে আলিমন বেওয়া (৪৬) নামে দুই গৃহবধূ আত্মহত্যা করেছেন। নিহত জুবা বেগম সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের তিলকপাড়া গ্রামের জাবেদ আলীর স্ত্রী ও নিহত আলিমন বেওয়া সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ (কানারমোড়) গ্রামের মৃত. মোসলেম আলীর স্ত্রী।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক আব্দুর রশিদ সরকার জানান, জুবা বেগম দীর্ঘদিন থেকে প্যারালাইসিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। দিনমজুর স্বামীর অভাব অনটনের সংসারে অসহায় জুবা বেগম মনের দুঃখে শনিবার ভোরে সকলের অজান্তে নিজ ঘরের ধর্নার সঙ্গে গলা ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় সাদুল্লাপুর থানায় ইউডি মামলা হয়েছে।
অপরদিকে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) জিয়া জানান, শনিবার দুপুরে সুন্দরগঞ্জের বামনডাঙ্গার লিটন মোড়ের অদুরে রেল লাইনে আলিমন বেওয়া কাউনিয়াগামী সেভেন আপ ট্রেনের নিচ লাফ দিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ ও স্বজনরা এসে রেল লাইন থেকে আলিমন বেওয়ার লাশ উদ্ধার করে। তিনি আরও জানান, স্বামী হারা আলিমন বেগম দীর্ঘদিন থেকে ক্যান্সার রোগে আক্রান্ত হলেও অভাবের কারণে চিকিত্সা করতে পারছিলেন না। এ কারণে মনের দু:খে তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি বোনারপাড়া জিআরপি পুলিশকে জানানো হয়েছে।