সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা
সীতাকুণ্ডে যুবলীগ নেতা দাউদ সম্রাট হত্যাকাণ্ডের ১৯ দিন পরও খুনের প্রধান আসামিসহ অন্যদের গ্রেফতার না করায় আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন যৌথভাবে বিক্ষোভ মিছিল করেছে।
জানা যায়, শনিবার বিকাল সাড়ে ৩টায় সম্রাটকে হত্যাকারী খুনিদের গ্রেফতারের দাবিতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে এক বিশাল মিছিল সম্রাট চত্বর থেকে শুরু হয়ে পৌরসভা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারী আবু নাসির, যুগ্ম সাধারণ সম্পাদক নূর ইসলাম, পৌরসভা যুবলীগের শিক্ষা সম্পাদক সুজিত দে, যুবলীগ নেতা সাজ্জাদ, ফয়সাল, ইমন চক্রবর্তী, তৌহিদ আজিজ, সোহেল, পৌরসভা ছাত্রলীগ নেতা আরিফ, দিদার, সাখাওয়াত জাবেদ, সাগর এবং মিরসরাই উপজেলার ছাত্রলীগ নেতা ফরহাদ, বিশ্বজিত্ প্রমুখ।
বিক্ষোভ মিছিল শেষে পৌরসভার সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, অনতিবিলম্বে প্রধান আসামি শহীদসহ অন্যদেরকে গ্রেফতার করা না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।