দৌলতদিয়ায় দুই ছিনতাইকারীর একমাস করে কারাদণ্ড

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা

উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। শনিবার দুপুরে আটককৃত দুই ছিনতাইকারীকে ১ মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলো গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলতদিয়া সিরাজ খার পাড়া গ্রামের বাবলু শেখের ছেলে সেলিম শেখ (২২) ও দৌলতদিয়া ইউনিয়নের সৈদাল পাড়া গ্রামের রেজাউল সরদার (২৫)। গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে দৌলতদিয়া ঘাট এলাকায় এক যাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে ওই দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে থানা পুলিশ। পরে দুপুরের দিকে তাদেরকে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত হায়াত শিপলু পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত দণ্ডবিধির ৩৫৬ ধারা মোতাবেক প্রত্যেককে এক মাসের কারাদণ্ড প্রদান করে।