কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কুরমা চা বাগানের ভেতরে কুরুঞ্জি চা বাগান এলাকা থেকে একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। গতকাল শনিবার ভোর রাত সাড়ে ৫টায় চা বাগানের জগদীশ রাজধর এর বসতঘর থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুরমা বিওপি’র সদস্যরা মূর্তিটি উদ্ধার করেন।
মামলা সূত্রে জানা যায়, বিজিবি’র কুরমা বিওপি’র সদস্যরা ইসলামপুর ইউনিয়নের কুরুঞ্জি গ্রামের জগদীশ রাজধরের বসতঘরে কষ্টিপাথর ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। কষ্টি পাথরটি বসতঘরের কাঠের নিচে কালো পলিথিনে মোড়ানো ছিল। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন পালিয়ে যায়। ভারতীয় সীমান্তের মেইন পিলার ১৯০৬/১০ এস হতে ৪ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে কুরুঞ্জি এলাকা। বিজিবি কুরমা বিওপি’র হাবিলদার মো. জালাল আহমেদ জানান, এই ঘটনায় শনিবার দুপুরে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
কমলগঞ্জ থানার কর্তব্যরত অফিসার এএসআই সুশেন চন্দ্র দাস মামলার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মূর্তিটি থানা হেফাজতে রয়েছে। মূর্তিটির রং কালো, ওজন ৩ দশমিক ৮৫০ কেজি এর উচ্চতা ১২ দশমিক ০৫ ইঞ্চি, প্রস্থ ৫ দশমিক ৫ ইঞ্চি। কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।