করোনার ধাক্কায় গেল বছরের বেশিরভাগ সময়ই ক্রিকেটহীন কেটেছে ক্রিকেটারদের। সমাজের সর্বস্তরের মানুষের মতো ক্রিকেটাররাও নতুন বছরে নতুন সম্ভাবনা, অর্জনের আশায় উদ্দীপ্ত। ২০২১ সালের শুরুতেই প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। নতুন বছরে নিজেদের প্রত্যাশা, পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।
মুমিনুল হক:
নতুন বছর নতুন ভাবে শুরু করতে চাই। বাংলাদেশ ক্রিকেটকে নতুন কিছু দিতে চাই। টেস্ট দলকে আরও ভালো অবস্থানে নিয়ে যেতে চাই। যেন দাপট দেখিয়ে খেলতে পারি। এটাই প্রত্যাশা। ব্যাটসম্যান হিসেবে ওই রকম ব্যক্তিগত লক্ষ্য নাই। আমি বিশ্বাস করি, দলের জন্য যদি খেলতে থাকেন, তখন নিজেরটাও অর্জন হয়ে যায়। ব্যক্তিকেন্দ্রিক না ভেবে আমি দলের জন্য খেলতে পছন্দ করি। আমি চাইবে নতুন বছরে প্রত্যেক ম্যাচে যেন দলের জন্য ৬০-৭০ ভাগ অবদান রাখতে পারি।
সৌম্য সরকার:
নতুন বছরে খেলা শুরু হওয়াটা গুরুত্বপূর্ণ। চাওয়া থাকবে, পুরো দেশবাসী যেন সুস্থ থাকে। আর আমি নতুন বছরের জন্য কিছু পরিকল্পনা করবো, চাইবো সেগুলো যেন পরিপূর্ণ করতে পারি।
তাসকিন আহমেদ:
চাইবো নতুন বছর যেন নতুনভাবে শুরু হয়। বেশকিছু দিন ওয়ানডে দলে আমি নাই, টেস্ট দলে ছিলাম। নতুন বছরে ভালোভাবে শুরু করতে চাই, সবকিছুই নতুন করে। যেখানেই সুযোগ পাই, যেন নিজের সেরাটা দিতে পারি, ভালো খেলতে পারি।
নাজমুল হোসেন শান্ত:
গত বছরটা ভালো গেছে আলহামদুলিল্লাহ। অবশ্যই ভালো কিছু প্রত্যাশা আছে নতুন বছরে। তবে এখনই পুরো বছর নিয়ে প্ল্যান নেই। চাইবো যেখানেই খেলি যেন ভালো ক্রিকেট খেলতে পারি। নিজের সেরাটা দিতে পারি।
আবু জায়েদ রাহী:
যখনই খেলবো, নিজের বোলিং গড় যেন ৩০’র ভেতর রাখতে পারি, এটাই চেষ্টা থাকবে। আমি আশা করি টেস্ট খেলবো, সেখানে দল যেন ভালো খেলে। আমরা যেন নতুন বছরে করোনা জয় করতে পারি।
নাঈম হাসান:
এখন তো আমি ইনজুরড, ইনজুরি থেকে ফিরতে পারলে চাই বছর ভালোভাবে শুরু হোক। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ, ওদের সঙ্গে ভালো শুরু হোক। টেস্ট চ্যাম্পিয়নশিপ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, যেন জিতে শুরু করতে পারি। আর নিজের বলতে, ২০২০ সালে খেলা অনেক কম হয়েছে। নতুন বছরে আশা করি, অনেক খেলা হবে, আমার যাতে ভালো কাটে, বোলিংয়ে যেন সেরাটা দিতে পারি।
নাঈম শেখ:
চাইবো নতুন বছর যেন ২০২০ সালের মতো না হয়। নতুন বছরে আগের মতো যেন নিয়মিত খেলা হয়। আমি ক্রিকেটার হিসেবে যেখানেই খেলবো নিজের ১০০ ভাগ দিয়ে দলের জন্য অবদান রাখতে চেষ্টা করবো। নিজের সেরাটা দিতে চাই।
হাসান মাহমুদ:
সবার কাছে দোয়া চাই। নতুন বছর সবার নতুনভাবে কাটুক। আমি যেখানেই খেলবো সফল হওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত বাংলাদেশের হয়ে খেলতে চাই। বোলার হিসেবে নিজের সেরাটা দিতে চাই। যে কোনো পরিস্থিতিতে যেন দলের জয়ে অবদান রাখতে পারি।
ইত্তেফাক/এসআই