চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম মহানগরীতে যানজট নিরসনে সিএমপি’র ট্রাফিক বিভাগ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে। দিনের বেলায় ট্রাক, কাভার্ড ভ্যান, লং-ভ্যাহিকল, প্রাইমমুভারসহ অন্যান্য পণ্য/মালবাহী যানবাহন ইত্যাদি যত্রতত্র মালামাল উঠানামাসহ অবৈধ পার্কিং-এর ফলে যানজট সৃষ্টি হচ্ছে। এতে নগরীতে দিনের বেলায় রাস্তার ধারণ ক্ষমতার অতিরিক্ত যানবাহন (যান্ত্রিক ও অযান্ত্রিক) চলাচলসহ যানবাহনের চাপ সৃষ্টির ফলে নগরীতে জনসাধারণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তাই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-বন্দর বিভাগের আওতাধীন এলাকায় চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক প্রধান সড়কসহ আন্তঃজেলা যোগাযোগের সড়ক ব্যতীত নগরীর সড়কের অভ্যন্তরে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ২টা পর্যন্ত পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, লং-ভ্যাহিকেল, প্রাইমমুভারসহ অন্যান্য পণ্য/মালবাহী যানবাহন ইত্যাদি চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
গতকাল শনিবার সিএমপি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এতে দিনের বেলায় আকবর শাহ মোড় হতে জাকির হোসেন (জিইসি) সড়কমুখী, পাহাড়তলী থানা (কেন্দ্রীয় মসজিদ) ক্রসিং হতে আকবর শাহ ক্রসিংমুখী, পাহাড়তলী রেলক্রসিং হতে আমবাগানমুখী, বড়পুল হতে বাদামতলীমুখী, বারিক বিল্ডিং মোড় হতে বাদামতলীমুখী, কদমতলী উড়ালসেতু হয়ে নিউমার্কেটমুখী, শিকলবাহা ক্রসিং হতে তৃতীয় কর্ণফুলী সেতুমুখী পণ্যবাহী যানবাহন চলাচল ও মালামাল উঠানামা করতে পারবে। তবে জরুরি আমদানিকৃত খাদ্যদ্রব্য পণ্য ও রপ্তানিযোগ্য গার্মেন্টস পণ্য যথাক্রমে চট্টগ্রাম চেম্বার ও বিজিএমইএ কর্তৃক ইস্যুকৃত নির্ধারিত স্টিকারসহ বিশেষ ব্যবস্থায় চলাচল করতে পারবে।