চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম নগরীতে যানজট নিরসনে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন। সড়ক অবৈধ দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরু করার ঘোষণা দেন তিনি। গত বৃহস্পতিবার চসিক সম্মেলন কক্ষে ফইল্লাতলী বাজার কিচেন মার্কেট নির্মাণের লক্ষ্যে সিটি করপোরেশনের সঙ্গে বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভলপমেন্ট ফান্ডের (বিএমডিএফ) চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, নগরীজুড়ে বাজার বসছে। হকার উচ্ছেদ করছি। তারা রিকশাভ্যানে বাজার সাজিয়ে সড়কে জায়গা দখল করছে। যানজট সৃষ্টি হচ্ছে। জনদুর্ভোগ বাড়ছে। দখল উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান মেয়র। বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামকে সরকার একটি পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া বাস্তবায়ন করছে বলেও উল্লেখ করেন মেয়র। তিনি বলেন, খেলাধুলার উন্নয়নে বাকলিয়ায় কর্ণফুলী নদীর তীরে স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে চট্টগ্রামে ক্রীড়াঙ্গন উপকৃত হবে।
অনুষ্ঠানে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামসুদ্দোহা, সচিব আবুল হোসেন, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।