গত হয়েছে ২০২০ সাল। বিদায়ী এই বছরের সবচেয়ে আলোচিত ঘটনা মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ। মরণঘাতী এই ভাইরাস সব ধরনের কাজের মতো স্থবিরতা এনেছে ক্রিকেট মাঠেও। মাঝখানে কয়েক মাস বন্ধ ছিল ব্যাট-বলের খেলা। তবে এর মধ্যেই হয়েছে বেশ কিছু রেকর্ড।
তেমনই ২০২০ সালের একটি রেকর্ড কথা বলছে লিটন কুমার দাসের হয়ে। ওয়ানডেতে বিদায়ী বছরের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটা খেলেছেন তিনি। গত মার্চে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে তার ১৭৬ রানের ইনিংসটি সাজানো ছিল ১৬ চার এবং ৮ ছক্কা দিয়ে।
শুধু তাই নয়, সেদিন তামিম ইকবালের সাথে উদ্বোধনী জুটিতে ২৯২ রান তোলেন রংপুরের এই ডানহাতি ব্যাটসম্যান। যা ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের ইতিহাসে যেকোনো উইকেট জুটিতেই সর্বোচ্চ।
লিটনকে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে স্টাইলিশ ব্যাটসম্যান বলা যায়। তার শট সিলেকশন, টেকনিক সবকিছুই অসাধারণ বলে থাকেন ক্রিকেট বিজ্ঞরা। আন্তর্জাতিক ক্রিকেট না থাকায় কিছুদিন আগে পাঁচ দল নিয়ে বঙ্গবঙ্গু টি-টোয়েন্টি কাপ আয়োজন করেছে বিসিবি। যেখানে ধারাবাহিকভাবে রান করেন এই ওপেনার। গাজী গ্রুপ চট্রগ্রামের হয়ে খেলে টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন।
ইত্তেফাক/টিআর