বঙ্গবাজারে ককসিটের দোকানে আগুন একজন দগ্ধ

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর বঙ্গবাজারের এনেক্স টাওয়ার কমপ্লেক্সের বিপরীত পাশে একটি ককসিটের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকাল ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করে। এতে দোকানটি পুড়ে গেলেও আগুন আশপাশে ছড়িয়ে পড়তে পারেনি। তবে নুরুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি দগ্ধ হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন রয়েছেন।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল হাসান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চার ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর ২০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় দগ্ধ অবস্থায় নুরুল ইসলামকে উদ্ধার করা হয়। নুরুল ইসলামের মুখমণ্ডল সম্পূর্ণ পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।