সানেমের সম্মেলনে ড. আতিউর রহমান
ইত্তেফাক রিপোর্ট
দারিদ্র্য ও বৈষম্য কমিয়ে আনতে নিম্ন আয়ের মানুষের জন্য সার্বজনীন পেনশন ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। তিনি বলেন, দেশে চলমান বৈষম্য কমিয়ে আনতে সরকার নিম্ন আয়ের মানুষের জন্য পেনশন স্কিমের ব্যবস্থা করতে পারে। গার্মেন্টস কর্মীদের দিয়ে এটা শুরু করা যায়। শ্রমিকের বেতন থেকে কিছু অর্থ কেটে রেখে এর সঙ্গে সরকার আরও কিছু অর্থ যোগ করে এ পেনশন স্কিম বাস্তবায়ন করা যেতে পারে। এই কার্যক্রমের ফলে দেশ থেকে দারিদ্র্য ও বৈষম্য দূরীকরণে সহায়তা করবে বলে তিনি মনে করেন। গতকাল শনিবার রাজধানীতে গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) আয়োজিত এক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এ প্রস্তাব রাখেন।
বিদেশি বিনিয়োগের বিষয়ে তিনি বলেন, আমরা বিদেশি বিনিয়োগে এখনো পিছিয়ে রয়েছি। আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ ভিয়েতনামের সঙ্গে এখনো আমরা তুলনার পর্যায় পর্যন্ত যেতে পারিনি। দেশটিতে বছরে ৩৫ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ হচ্ছে। এমনকী মিয়ানমারে পর্যন্ত পাঁচ বিলিয়ন ডলারের বিনিয়োগ হচ্ছে। কিন্তু আমাদের হচ্ছে মাত্র তিন বিলিয়নের মতো। বিদেশি বিনিয়োগ বাড়াতে শ্রমিকবান্ধব নীতি গ্রহণের পাশাপাশি শ্রমিক অসন্তোষ বন্ধের ওপর গুরুত্ব দেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম বলেন, আমাদের অর্থনীতিকে উন্মুক্ত করা উচিত। এখন দেশের ব্যবসায়ীদের বিদেশে বিনিয়োগ করার সুযোগ দেওয়ার সময় এসেছে। তিনি আরো বলেন, দেশের টেকসই ও স্থিতিশীল অর্থনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানব সম্পদের উন্নয়ন। এজন্য স্বাস্থ্য ও শিক্ষাখাতে আরও বেশি হারে বিনিয়োগ দরকার।
সানেম নির্বাহী পরিচালক সেলিম রায়হান তার উদ্বোধনী বক্তব্যে মানসম্পন্ন জিডিপি প্রবৃদ্ধি, অর্থনৈতিক বৈষম্য হ্রাস এবং জিডিপির বিপরীতে কর আহরণকে চ্যালেঞ্জ বলে বর্ণনা করেন। অপরদিকে বৈদেশিক বাণিজ্য স্থিতিশীল রাখা, শক্তিশালী রিজার্ভ ধরে রাখা এবং বাজেট ঘাটতি পাঁচ শতাংশের মধ্যে রাখতে পারাকে সফলতা বলে উল্লেখ করেন তিনি।