চলতি মাসের ১০ তারিখে তিন ম্যাচের ওয়ানডে আর দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সপ্তাহখানেকের মধ্যেই শুরু হয়ে যাবে টাইগারদের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রস্তুতি। তাই দেশে আসতে শুরু করেছেন টাইগারদের কোচিং স্টাফ।
করোনাকালীন বাংলাদেশ ক্রিকেট দলের তেমন কোন খেলা না থাকায় বছরের বেশির ভাগ সময়ই পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন বাংলাদেশ দলের সব বিদেশি কোচরা। বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ থেকে শুরু করে পেস-স্পিন, ফিল্ডিং কোচ, ট্রেনার আর কম্পিউটার অ্যানালিস্টসহ সব কোচই বিদেশি। সব কিছু ঠিক থাকলে জাতীয় দলের অনুশীলন শুরুর আগেই ঢাকা চলে আসবেন জাতীয় দলের কোচরা।
জাতীয় দলের ভিনদেশি এই কোচদের জন্য আর ১৪ দিনের কোয়ারেন্টাইন থাকতে হয় হচ্ছে না। কোভিড-১৯ টেস্ট নেগেটিভ হলেই জাতীয় দলের সঙ্গে কাজ করার অনুমতি পাবেন।
এদিকে অনুশীলন শুরুর সপ্তাহখানেক আগেই বিদেশি কোচদের ঢাকা আসা শুরু হয়েছে। ট্রেনার জুলিয়ান ক্যালেফাতো ও ট্রেনার নিকোলাস ট্রেভরলি আজ সকালেই ঢাকায় পা রেখেছেন।
বিসিবির নির্ভরযোগ্য এক সূত্র জানিয়েছে, টাইগারদের হেড কোচ রাসেল ডোমিঙ্গো ও ফিল্ডিং কোচ রায়ান কুক ও ক্যারিবীয় পেস বোলিং কোচ ওটিস গিবসন আগামী ৮ জানুয়ারি শুক্রবার ঢাকায় আসার কথা রয়েছে। তারা আসার ৪৮ ঘণ্টা পরই শুরু হবে টিম বাংলাদেশের অনুশীলন।
ইত্তেফাক/এসআই