মাটিকাটার বাসায় ঢুকে একজনকে গলাকেটে হত্যা

রাজধানীর ভাষানটেক থানাধীন মাটিকাটা এলাকায় বাসায় ঢুকে সেনাবাহিনীর একজন সিভিল কর্মচারীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর দুর্বৃত্তরা বাসায় তালা ঝুলিয়ে দিয়ে চলে যায়।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত যেকোনো সময়ে এই হত্যার ঘটনা ঘটে। শুক্রবার রাতেই পুলিশ মাটিকাটার ১৬৬/৫ নম্বর বাড়ির ছয় তলার চিলেকোঠার বাসার তালা ভেঙে শাহ আলম (৩৮) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করে।

আরো পড়ুন : নিয়ম ভেঙে আইসোলেশনে ভারতের ৫ ক্রিকেটার  

শাহ আলম অবিবাহিত ছিলেন। তিনি ওই বাসায় একা থাকতেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ত্রিশালের হরিরামপুরের মধ্যপাড়ায়। এ ঘটনায় শনিবার শাহ আলমের ছোট ভাই মো. হাফিজুল বাদী হয়ে ভাষানটেক থানায় হত্যা মামলা করেছেন।  
ভাষানটেক থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, শাহ আলম বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস)-এ সিভিল কর্মচারী হিসেবে চাকরি করতেন। মাটিকাটার ওই বাড়িতে তিনি দেড় বছর ধরে ভাড়ায় থাকতেন। ৩০ ডিসেম্বর রাত থেকে ৩১ ডিসেম্বর ভোরের যেকোনো সময়ে কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যার পর বাইরে থেকে তালা মেরে পালিয়ে যায়। লাশ বিছানায় পড়েছিল। তার মুখে বালিশ চাপা দেওয়া ছিল। পরিবারের লোকজন তার কোনো খোঁজ না পেয়ে শুক্রবার রাতে বাসায় এসে তালা ঝুলতে দেখেন। পরে সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তালা ভেঙ্গে বিছানার ওপর থেকে লাশ উদ্ধার করে।

ভাষানটেক থানার ওসি আরো বলেন, নিহতের মোবাইল ফোনের কললিস্ট যাচাই বাছাই করা হচ্ছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

ইত্তেফাক/ইউবি