পারমাণবিক নিরস্ত্রীকরণে পূর্ণাঙ্গ রূপরেখা চায় জাতিসংঘ

ট্রাম্প-কিমের দ্বিতীয় বৈঠক

ইত্তেফাক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জন উনের মধ্যে দ্বিতীয় বৈঠকে পরমাণু নিরস্ত্রীকরণের পূর্ণাঙ্গ রূপরেখা দেখতে চেয়েছে জাতিসংঘ। এছাড়া বৈঠকের দিনক্ষণ নির্ধারিত হওয়ার ঘটনাকে জাতিসংঘ ইতিবাচক হিসেবে দেখছে। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, ফেব্রুয়ারির শেষ নাগাদ ওই বৈঠক অনুষ্ঠিত হবে। এ বিষয়ে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে  শুক্রবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিব অ্যান্টেনিও গুতেরেস বলেছেন, ‘উপযুক্ত সময়ে’ বৈঠকের ঘোষণা এসেছে। এ সময় তিনি দুই নেতাকে কোরীয় উপদ্বীপের পরমাণু নিরস্ত্রীকরণে একটি সুস্পষ্ট রূপরেখা প্রণয়নের আহ্বান জানিয়েছেন।

ট্রাম্প ও কিমের দ্বিতীয় বৈঠকের দিন-ক্ষণ নিয়ে আলোচনা করতে ১৮ জানুয়ারি ওয়াশিংটনে পৌঁছান পিয়ংইয়ংয়ের শীর্ষ দূত কিম ইয়ং চোল। উত্তর কোরিয়ার পক্ষের নেতৃত্বস্থানীয় ওই আলোচক ট্রাম্পের সঙ্গে দেখা করার পর হোয়াইট হাউসের পক্ষ থেকে বৈঠকের দিনক্ষণ ঘোষণা করা হয়। কোথায় দুই নেতার মধ্যে বৈঠক হবে তা আনুষ্ঠানিকভাবে এখনও জানানো হয়নি। তবে সম্ভাব্য বৈঠকস্থল হিসেবে ভিয়েতনামের নাম শোনা যাচ্ছে। বৈঠকের দিনক্ষণ ঘোষণার প্রতিক্রিয়ায় মহাসচিব গুতেরেস বলেছেন, আমরা মনে করি, পরমাণু নিরস্ত্রীকরণ প্রশ্নে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার সংলাপ আবারও শুরু হওয়া ও কোরীয় উপদ্বীপের পূর্ণাঙ্গ নিরস্ত্রীকরণের সুস্পষ্ট একটি রূপরেখা প্রণয়নের এটাই উপযুক্ত সময়।

উল্লেখ্য, গত বছরের ১২ জুন সিঙ্গাপুরে প্রথমবারের মতো উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে মিলিত হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিঙ্গাপুরে অনুষ্ঠিত ঐতিহাসিক বৈঠক শেষে এক সমঝোতা চুক্তিতে দীর্ঘদিনের বৈরী দুই দেশ যৌথভাবে কোরিয়া উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার অঙ্গীকার করে। তবে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে কোনো সুনির্দিষ্ট রূপরেখা উল্লেখ না করায় দুই দেশের মধ্যে এখনো দর কষাকষি চলছে।