বাবরকে ছাড়াই নামবে পাকিস্তান

পুরো নিউজিল্যান্ড সফরটাই মাঠের বাইরে থেকে কাটাতে হচ্ছে পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে।  ডানহাতের বৃদ্ধাঙ্গুলিতে পাওয়া চোট থেকে এখনো সেরে ওঠতে পারেননি এই ক্রিকেটার। যে কারণে কাল রবিবার ক্রাইস্টাচার্চে সিরিজের দ্বিতীয় টেস্টে তাকে ছাড়াই ফের খেলতে নামবে পাকিস্তান।

তবে তাই বলে সফরকারীদের মানসিকতায় কোনো চিড় ধরেনি বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান, ‘আমরা প্রথম টেস্ট হেরেছি বটে কিন্তু এখনো আমরা সিরিজে টিকে আছি। ব্যাটিংয়ে কিছুটা উন্নতি করতে হবে, বোলিং ডিপার্টমেন্টটা দুর্দান্ত। পাশাপাশি আমাদের মেজাজও বেশ ফুরফুরে।'

সিরিজের প্রথম টেস্টে ১০২ রানের ব্যবধানে জিতলেও শেষদিন পর্যন্ত অপেক্ষা করতে হয় নিউজিল্যান্ডকে। ঘরের মাঠ টানা আটটি টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে কেন উইলিয়ামসনের দল। পাশাপাশি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলার সুযোগও আছে তাদের।

এদিকে একই দিন জোহানেসবার্গ টেস্টে শ্রীলঙ্কাকে আতিথ্য দিবে দক্ষিণ আফ্রিকা। সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরিয়নে লঙ্কানদের ইনিংস ও ৪৫ রানের বিশাল ব্যবধানে হারায় তারা। দ্বিতীয় টেস্টেও একই ফলাফল দেখতে চান প্রোটিয়া ওপেনার ডিন এলগার, 'আমরা প্রথম বল থেকেই তাদের চাপে রাখতে চাই।'

ইত্তেফাক/এসআই