মহাকাশে ক্ষেপণাস্ত্র মোতায়েনের মার্কিন পরিকল্পনার নিন্দা রাশিয়ার

এএফপি ও রয়টার্স

শত্রুর নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র চিহ্নিত ও তা ধ্বংস করতে মহাকাশে অস্ত্র মোতায়েনের যে পরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার নিন্দা জানিয়েছে রাশিয়া। রাশিয়া বলছে, যুক্তরাষ্ট্রের এমন অবস্থান মহাকাশে বিপজ্জনক অস্ত্র প্রতিযোগিতা শুরু করবে এবং আবারো দেখা যাবে স্নায়ুযুদ্ধকালীন ‘স্টার ওয়ার্সের’ মতো কর্মসূচি। আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করে রাশিয়া যুক্তরাষ্ট্রকে পরিকল্পনাটি পুনর্বিবেচনা করার আহবান জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত সপ্তাহে নতুন একটি প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার তথ্য প্রকাশ করেন। পরিকল্পনা অনুযায়ী মহাকাশে সেন্সর বসানো হবে শত্রুর ছোঁড়া ক্ষেপণাস্ত্র চিহ্নিত করার জন্য। সেই ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য মহাকাশেই স্থাপন করা হবে অস্ত্র। মহাকাশে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে ইরান, রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়ার সক্ষমতার কথা উল্লেখ করেছে মার্কিন প্রশাসন। এসব দেশের সক্ষমতা সাপেক্ষে যুক্তরাষ্ট্রের সক্ষমতা বাড়ানো দরকার বলে মনে করে যুক্তরাষ্ট্র।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়ে সমালোচনা করা হয়। দেশটি মহাকাশে অস্ত্র মোতায়েনের বিষয়ে আবারও ভেবে দেখার আহ্বান জানিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত। বিবৃতিতে বলা হয়, পারমাণবিক অস্ত্রের ব্যবস্থাপনার প্রকৃতি নির্ধারণে মস্কো ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে চায়।

রাশিয়া বলছে, ‘নতুন পরিকল্পনার মাধ্যমে যুক্তরাষ্ট্র কার্যত মহাকাশে ক্ষেপণাস্ত্র মোতায়েনের দ্বার উন্মুক্ত করে দিতে যাচ্ছে, যার পরিণতিতে স্বাভাবিকভাবেই মহাকাশে শুরু হবে অস্ত্র প্রতিযোগিতা। আর এটি আন্তর্জাতিক নিরাপত্তা এবং স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। এই পরিকল্পনাটি প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের সময়কার স্টার ওয়ার্স কর্মসূচিরই অত্যাধুনিক রূপ।’

অবশ্য ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের এই পরস্পরবিরোধী অবস্থান নতুন নয়। মহাকাশে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন পরিকল্পনার আগেই তাদের মধ্যে সমঝোতার ঘাটতি দেখা গিয়েছে। মস্কো মেনে চলছে না— এই যুক্তিতে যুক্তরাষ্ট্র সম্প্রতি ১৯৮৭ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত ‘ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি’ থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।