বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নে শুক্রবার রাতে এক নারী (২২) গণধর্ষণের শিকার হয়েছেন। গুরুতর অবস্থায় শনিবার সকালে বিরামপুর থানায় নেওয়া হলে পুলিশ উন্নত চিকিত্সা ও ডাক্তারি পরীক্ষার জন্য তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
ধর্ষণের শিকার নারীর পিতা জানান, শুক্রবার বিকেলে তার মেয়ে নানার বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা ঘনিয়ে আসার সুযোগে তাকে একাকী পেয়ে বেনীপুর গ্রামের শাহজাহানের পুত্র শাহীনসহ পাঁচজন মিলে আটক করে পার্শ্ববর্তী লিচু বাগানে নিয়ে যায়। রাতে তারা তাকে ধর্ষণ করে গুরুতর অবস্থায় ফেলে যায়। তার স্বজনরা পরের দিন ঐ লিচু বাগান থেকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে। শনিবার সকালে তাকে বিরামপুর থানায় নেয়া হয়।
বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন সরকার ও থানার ওসি (তদন্ত) সোহেল রানা জানান, মামলার প্রস্তুতি চলছে। ধর্ষকদের ধরতে পুলিশের বিশেষ দল অভিযান শুরু করেছে।