ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের কাজিয়াতলী সীমান্তের ২০২৯ নং পিলারের কাছে কাঁটাতারের বাইরে ভারতীয় সীমান্তের শূন্যরেখার ভিতরে ৩১ জন রোহিঙ্গা অবস্থান করছে। তার মধ্যে ১৭ জন শিশু, ৬ জন পুরুষ ও ৮ জন মহিলা। গত শুক্রবার রাতে ভারত হতে কাঁটাতার পার হয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশের সময় সেখানে টহলরত বিজিবির বাধার মুখে ভারতীয় সীমান্তে শূন্যরেখায় অবস্থান নিয়েছে।
দুই দেশের কেউই তাদের গ্রহণ করছে না বিধায় প্রচণ্ড শীতের মাঝে পানি বেষ্টিত জমির আইলে আটকা পড়ে মানবেতর সময় পার করছে। গত রাত থেকে একপ্রকার অনাহারে আছে বলে স্থানীয়রা সাংবাদিকদের জানায়। ২৫ বিজিবি সহ-অধিনায়ক মেজর শফিক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছাড়া তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। খোলা আকাশের নীচে অনিশ্চয়তার মধ্যে তারা সময় অতিবাহিত করছে। শূন্যরেখায় অবস্থানের কারণে এলাকাবাসী কোনো প্রকার সাহায্যে এগিয়ে আসতে পারছে না।