বন্দরের সোনাকান্দায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করে লাশে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দুপুর দেড়টায় বন্দরের সোনাকান্দা সরদার বাড়ির দোতলা ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। নিহত নাহিদা রহমান (৩৫) দুই সন্তানের জননী। তিনি বন্দরের সরদার বাড়ির সিঙ্গাপুর প্রবাসী আনিসুর রহমানের স্ত্রী।
আনিসুর ও নাহিদা দম্পতির দশ বছর বয়সী এক মেয়ে ও আট বছর বয়সী এক ছেলে রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুর্বৃত্তদের একটি মানিব্যাগ উদ্ধার করতে সক্ষম হয়েছে। ফ্ল্যাটে সিগারেটের অংশবিশেষও পাওয়া গেছে বলে জানা গেছে।
বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, গতকাল দুপুরে দুর্বৃত্তরা নাহিদাকে কুপিয়ে হত্যা করে লাশে আগুন দিয়ে পালিয়ে যায়। প্রতিবেশীরা ধোঁয়া দেখে ওই ফ্ল্যাটে গিয়ে দেখে নাহিদার শরীরে আগুন। তখন তারা আগুন নিভিয়ে পুলিশে সংবাদ দেয়। প্রতিবেশীদের বরাতে ওসি আরো জানান, পরকীয়া প্রেম কিংবা টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।