চট্টগ্রাম অফিস
নগরীর এ. কে খান মোড় সংলগ্ন ভিক্টোরিয়া জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় গতকাল শনিবার পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাশহুদুল কবিরকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- সিএমপির সহকারী কমিশনার পঙ্কজ বড়ুয়া, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন, চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নেছার উদ্দিন আহমেদ মঞ্জু।
উল্লেখ্য, গত শুক্রবার বিকাল ৫টায় ভিক্টোরিয়া জুট মিলের ৭/৮টি গুদামে বিভিন্ন প্রতিষ্ঠানের গুদামজাত পণ্যের মধ্যে আগুন ধরে যায়। রাত ১০টা নাগাদ ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনলেও সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করতে হয়। জানা যায়, ইউনিলিভার, আরএফএলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য ও পণ্যের কাঁচামাল এসব গুদামে ভাড়ায় রাখা হয়েছিল।