মেক্সিকোতে তেলের পাইপলাইনে বিস্ফোরণে অন্তত ৬৬ জন নিহত হয়েছে। তেল চোর পাইপে ছিদ্র করায় এই দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির কর্মকর্তারা মনে করছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় হিদালগো স্টেটের তেলাহুলিপলান এলাকার পাইপ লাইনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর বিবিসি’র
মেক্সিকোর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সন্ধ্যার সময় যখন অনেকে কন্টেইনারে তেল ভরছিল তখনই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, পাইপলাইনের চারদিকে আগুন জ্বলছে এবং অনেককে দৌঁড়াতে দেখা গেছে। তেল চোর পাইপে ছিদ্র করায় আগুন ধরে বলে কর্মকর্তারা জানিয়েছেন। সন্ধ্যা হলেই মেক্সিকোর তেল পাইপলাইনে তেল চুরি হয়। সরকার জানিয়েছে, গত বছর তিন বিলিয়ন ডলারের তেল চুরি হয়েছে। বর্তমান সরকার তেল চুরির বিরুদ্ধে কঠোর অভিযান চালাচ্ছে। মেক্সিকোর রাষ্ট্র নিয়ন্ত্রিত পেট্রোলিয়াম কোম্পানি রিমেক্সও জানিয়েছে, তেল চুরির কারণেই ভয়াবহ ঘটনা ঘটেছে। দুর্ঘটনার স্থানে ব্যাপক নিরাপত্তা বাহিনী এবং যানবাহন মোতায়েন করা হয়েছে। হিদালগো স্টেটের গভর্ণর নিহতের সংখ্যা ৬৬ বলে উল্লেখ করেছেন। এর আগে তিনি ২১ জনের কথা জানালেও হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে জানিয়েছিলেন। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, গ্যাসোলিনের সংকটের কারণে আগুন নেভানো যাচ্ছিল না। পরে স্থানীয়রা বিভিন্ন পাত্রে পানি নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।