সাভারে যাত্রীবাহী বাসে মালামাল লুট করে এক দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলন্ত বাস থেকে ফেলে দিয়েছে ছিনতাইকারীরা। গত শুক্রবার রাত ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই দম্পতিকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা দেওয়ার পর গতকাল শনিবার দুপুরে তাদেরকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহতরা হলেন- ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কানারচর কদমতলী এলাকার মোনায়েম হোসেনের ছেলে মোঃ হাসান (২৭) ও তার স্ত্রী মহুয়া আক্তার (২১)। এ ঘটনায় পুলিশ ছিনতাইয়ে ব্যবহূত বাসটি আটক করলেও ছিনতাইকারীরা পলাতক রয়েছে। আহত হাসান জানান, তারা স্বামী-স্ত্রী মিলে যশোর বেড়াতে যাচ্ছিলেন। এজন্য রাত ১২টার দিকে সাভারের হেমায়েতপুর থেকে একটি সবুজ রঙের বাসে করে সাভারে বাস কাউন্টারে আসছিলেন। বাসটি ছাড়ার পর পরই যাত্রীবেশী কয়েকজন ছিনতাইকারী তাদেরকে মারধর করে স্ক্রু ড্রাইভার এবং ধারালো ছুরির আঘাতে সারা শরীর ক্ষতবিক্ষত করে ফেলে। এসময় ছিনতাইকারীরা নগদ ত্রিশ হাজার টাকা, ল্যাপটপ ও মোবাইলফোনসহ মূল্যবান সামগ্রী লুটে নিয়ে ব্যাংকটাউন ব্রিজের কাছে তাদের চলন্ত বাস থেকে ফেলে দেয়।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিত্সক এবিএম মনিরুজ্জামান বলেন, রাত সাড়ে ১২ টার দিকে এক দম্পতিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। এসময় তাদের সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। তাদেরকে প্রয়োজনীয় চিকিত্সা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, ছিনতাইয়ের ঘটনায় জড়িত বাসটিকে আটক করা হয়েছে। এঘটনায় মামলা দায়ের করে ছিনতাইকারী চক্রের সদস্যদের আটকের পাশাপাশি লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।