পাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

পাবনা শহরের একটি ছাত্রীনিবাসে ঢুকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার প্রতিবাদে গতকাল শনিবার দুপুরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পাবনা-নগরবাড়ি মহাসড়ক অবরোধ ও ক্যাম্পাসে বিক্ষোভ করেছে। এ ঘটনায় পুলিশ বখাটে যুবক আসিফ ইকবাল চিন্ময়কে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও শিক্ষার্থীরা জানান, গত শুক্রবার রাতে শহরের রাধানগর মহল্লার ডিগ্রি বটতলায় একটি ছাত্রীনিবাসে নেশাগ্রস্ত অবস্থায় জোরপূর্বক ঢুকে বখাটে যুবক আসিফ ইকবাল চিন্ময় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্লীলতাহানির চেষ্টা চালায় এবং ছাত্রীদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করে। এসময় চিন্ময় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সপ্তম ব্যাচের এক শিক্ষার্থীর হাত ধরে টানাটানি করে। এ সময় অন্য ছাত্রীদের চিত্কারে ছাত্রীনিবাসের মালিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।

এ ঘটনার প্রতিবাদে এবং শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে গতকাল দুপুরে পাবিপ্রবি ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। তারা পাবনা-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে মানববন্ধন করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থানায় মামলা দায়ের করেছে। রাধানগর ডিগ্রি কলেজ বটতলা এলাকার আমিরুল ইসলামের ছেলে অভিযুক্ত আসিফ ইকবাল চিন্ময়কে গ্রেপ্তার করা হয়েছে।