৬ জানুয়ারি হাসপাতাল ছাড়বেন সৌরভ

আগের থেকে অনেকটাই ভাল আছেন সৌরভ গাঙ্গুলি। আপাতত অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে না তাঁর। ৬ জানুয়ারি হাসপাতাল থেকে ছুটি পাবেন মহারাজ। তবে আপাতত বাড়িতেই পর্যবেক্ষণে থাকবেন বিসিসিআই প্রেসিডেন্ট। 

সোমবার ( ৪ জানুয়ারি) সকাল সাড়ে এগারো টায় ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড পরিবারের সঙ্গে জরুরি বৈঠকে বসে। এ সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন ডাঃ দেবী শেঠি, ডাঃ রমাকান্ত পাণ্ডা, ফোনে ছিলেন ডাঃ স্যামুয়েল ম্যাথু। পাশাপাশি ডাঃ অশ্বিন মেহতা এবং  মাউন্ট সিনাই নিউ ইয়র্কের বিশিষ্ট চিকিত্সক ডাঃ শামিন কে শর্মার পরামর্শও নেয় মেডিক্যাল বোর্ড।

বৈঠক শেষে চিকিত্সকরা জানিয়েছেন, আগের থেকে অনেক ভাল রয়েছেন সৌরভ গাঙ্গুলি। শনিবার একটি স্টেন্ট বসানো হয়। যে ধমনীতে বেশি ব্লকেজ ছিল, তা এখন পুরোপুরি মুক্ত। হার্টে রক্ত চলাচল ভালো আছে। আরও দুটো স্টেন্ট বসাতে হবে। তবে এখনই দ্বিতীয় অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে না। মঙ্গলবার সকালে সৌরভকে দেখতে আসবেন বিশিষ্ট চিকিত্সক দেবী শেঠি। তারপরেই বুধবার হাসপাতাল থেকে ছাড়া হবে সৌরভকে। আপাতত বাড়িতে পর্যবেক্ষণেই থাকবেন মহারাজ। বাকি দুটি ব্লকেজের জন্য অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে। কিন্তু সেই অ্যাঞ্জিওপ্লাস্টি কবে হবে তা এখনও ঠিক হয়নি। 

ইত্তেফাক/এসআই