আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এবারও চালের দাম বেড়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় বসার সাথেসাথেই সর্বপ্রথম চালের মূল্য বৃদ্ধির মধ্য দিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শুরু হয়েছে। কথিত আছে ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই চাল ও লবণের মূল্য বৃদ্ধি পায়’। এবারও এর ব্যতিক্রম হয়নি। লবণের মূল্য না বাড়লেও চালের দাম বেড়েছে। খাদ্যমন্ত্রী ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করার পর চালের মূল্য সামান্য কমেছে, তবে বাজার নিয়ন্ত্রণে আসেনি। সীমান্তে পিঁয়াজের কেজি ৪/৫ টাকায় বিক্রি হলেও ঢাকায় ক্রেতাদের কাছে তা বিক্রি হচ্ছে ২৫ টাকায়। ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজি এবং মধ্যস্বত্বভোগীদের অতি মুনাফালোভের কারণেই বাজারের এই ঊর্ধ্বগতি।

গতকাল শনিবার দলীয় কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে মহাসচিব এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন ও শ্রমিকনেতা হারুনুর রশিদ প্রমুখ।