জঙ্গি দমনে সফল হয়েছি, মাদক নির্মূলেও হব :স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘জঙ্গি দমনে আমরা সফল হয়েছি। মাদক নির্মূলেও সফল হব। এই কাজটি এখন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যেকোনো মূল্যে এটি করা হবে’। গতকাল শনিবার তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যেভাবে জঙ্গি দমন করেছি ঠিক সেভাবে মাদক নির্মূল করবো। আমরা কোনোক্রমেই আমাদের তরুণ প্রজন্ম ও মেধাকে হারিয়ে যেতে দেবো না। তারুণ্যের মেধা বাঁচিয়ে রাখতে মাদক নির্মূল করতে হবে।

নির্বাচন পরবর্তী আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন পরবর্তী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দু’ একটি বিচ্ছিন্ন ঘটনা সবসময় থাকবেই। যেগুলো নিয়ে আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা মাদক থেকে সবসময় দূরে থাকবে। তোমরা নিশ্চয়ই ঐশীর কথা মনে রেখেছো। মাদক কত ভয়াবহ হতে পারে। তরুণ প্রজন্মকে নিয়ে তিনি বলেন, তরুণ প্রজন্ম আমাদের সম্পদ। এই সম্পদকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের মাদক নির্মূল করতে হবে। এ জন্য তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে থাকতে হবে।

সুশাসনের বিষয়ে তিনি বলেন, আমরা সুশাসনের জন্য কাজ করছি। এজন্য আমাদের যা যা প্রয়োজন আমরা সব করব। যে অপরাধ করবে তাকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে। সে কে কিংবা তার পরিচিতি কি কিছুই তোয়াক্কা করা হবে না। অপরাধ করলে তার সাজা পেতেই হবে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যে অপরাধ করুক, সে যে দলেরই হোক অপরাধের জন্য তাকে কঠোর শাস্তি পেতে হবে।