২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার চলাকালে অর্পিত দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সাথে পালন করায় দুজন পুলিশ সদস্যকে তাদের প্রাপ্য সর্বোচ্চ পদক প্রদানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের আইজিকে পদক্ষেপ নিতে বলা হয়েছে। চাঞ্চল্যকর এ মামলার পূর্ণাঙ্গ রায়ে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নূর উদ্দিন বলেছেন, পুলিশ সদস্যদ্বয়ের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালন করায় আদালতের বিচার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করা সহজ হয়েছে। এ কারণে পদক প্রদানের মাধ্যমে তাদের উত্সাহী করা প্রয়োজন। যাতে পরবর্তীতে অর্পিত দায়িত্ব পালনে তারা আরো বিচক্ষণতার পরিচয় রাখতে পারে। ওই দুই পুলিশ সদস্য হলেন— ওই সময় দায়িত্ব পালনকারী সিআইডির পুলিশ পরিদর্শক সৈয়দ গোলাম মাওলা, পিপিএম ও কনস্টেবল মো. সোহরাব হোসেন।
রায়ে বিচারক বলেন, রাষ্ট্রপক্ষের সাথে এই আদালতকে সহযোগিতা করার জন্য ২০১৪ সালের জানুয়ারি মাসে ওই দুই পুলিশ সদস্য যোগ দেন। এদের যোগদানের পর হতে রাষ্ট্রপক্ষ মামলা প্রমাণে গুরুত্বপূর্ণ সাক্ষীসহ দেশের প্রত্যন্ত অঞ্চল হতে সাক্ষীদেরকে আদালতে হাজির করেছেন। এমনকি তাদের নিরাপত্তা নিশ্চিত করেছেন। ওই সাক্ষীদেরকে আদালতে হাজির করে সাক্ষ্য প্রদান করানোর ফলে আদালত সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করতে সক্ষম হয়েছেন। এ কারণে তাদের প্রাপ্য সর্বোচ্চ প্রদক প্রদানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গ্রেনেড হামলা মামলার রায়ের অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইজিপি, সিআইডির অতিরিক্ত আইজিপি বরাবর প্রেরণ করতেও বলা হয়।