ট্রাম্পকে সমর্থন দিলেন মুলার

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পাশে দাঁড়ালেন রবার্ট মুলার। তিনি ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের তদন্তে গঠিত কমিটির প্রধান। তার সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বন্দ্বও রয়েছে। তবে এবার ব্যক্তিগত আইনজীবীকে মিথ্যা বলার নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প এমন একটি তথ্য সঠিক নয় বলে দাবি করেছেন মুলার। এই প্রথম এই ধরনের ঘটনা ঘটলো। খবর সিএনএনের

বৃহস্পতিবার বাজফিডনিউজ একটি প্রতিবেদন প্রকাশ করে যাতে বলা হয়, মস্কোর সঙ্গে আতাঁতসহ বিভিন্ন বিষয়ে কংগ্রেসের কাছে মিথ্যা কথা বলতে প্রেসিডেন্ট ট্রাম্প তার ব্যক্তিগত আইনজীবীকে নির্দেশ দিয়েছিলেন। রুশ হস্তক্ষেপের তদন্তে গঠিত স্পেশাল কাউন্সেলের কাছে এই তথ্য জানিয়েছেন ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন। এ নিয়ে গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে আলোড়ন সৃষ্টি হয়। প্রায় সব মিডিয়ায় সংবাদটি গুরুত্বসহকারে প্রকাশ করা হয়। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প বারবার সেই অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি এসব তথ্যকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। কিন্তু মিডিয়ায় তার নির্দেশনা নিয়ে সমালোচনা হয়। এমনকি বিরোধী ডেমোক্র্যাটরা এই ঘটনার তদন্ত করার কথাও জানিয়েছে। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পকে সমর্থন দিলেন সাবেক এফবিআই প্রধান মুলার। স্থানীয় সময় শুক্রবার মুলারের অফিসের মুখপাত্র পিটার কার এক বিবৃতিতে জানিয়েছেন, মাইকেল কোহেনের কংগ্রেসে সাক্ষ্যদান এবং এ বিষয়ে স্পেশাল কাউন্সেলের বরাত দিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। আদালতের বাইরে তদন্তাধীন কোনো বিষয় নিয়ে মিডিয়ায় মন্তব্য করা স্বাভাবিক নয় এবং কাউন্সেল এই ধরনের কিছু প্রকাশও করেনি। তবে বাজফিডের এডিটর-ইন-চিফ বেন স্মিথ বলেন, আমাদের রিপোর্ট নিয়ে কোনো সন্দেহ নেই এবং আমাদের সূত্রও ঠিক আছে। তিনি সঠিক ব্যাখ্যা দেওয়ার জন্য স্পেশাল কাউন্সেলকে অনুরোধ জানান।