গাজীপুরে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আফরোজা আক্তার পুষ্প (২৫)। তিনি ফেনী জেলার ছাগলনাইয়া থানার শিলুয়া গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহর মেয়ে। শুক্রবার রাতে টঙ্গী ঝিনু মার্কেট এলাকার একটি বাড়ি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহত আফরোজার স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে তার স্বামী লিটন খন্দকারকে আটক করেছে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার ওসি কামাল হোসেন জানান, টঙ্গীর জাবের যোবায়ের পোশাক কারখানার শ্রমিক লিটন খন্দকার তার স্ত্রী আফরোজা আক্তার পুষ্পকে নিয়ে ঝিনু মার্কেট এলাকার একটি বাড়িতে ভাড়া থাকত। শুক্রবার দিবাগত রাতে স্বামী লিটন খন্দকার বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ পান। অনেক ডাকাডাকিতেও স্ত্রী পুষ্প দরজা না খোলায় প্রতিবেশীদের নিয়ে দরজা ভেঙে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি স্ত্রীকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক পুষ্পকে মৃত ঘোষণা করেন।