৩০ তারিখের নির্বাচনে ভোট দেননি

কালীগঞ্জে তৃণমূলের প্রশ্নের মুখে সাবেক এমপি

গাজীপুরের কালীগঞ্জে আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের প্রশ্নবানে জর্জরিত হলেন ডাকসুর সাবেক জিএস-ভিপি, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সাবেক এমপি আখতারুজ্জামান। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন তিনি ভোট দিতে আসেননি? বৃহস্পতিবার রাতে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে কার্যকরি কমিটির বর্ধিত সভায় এমন প্রশ্ন তুলেন তৃণমূলের নেতৃবৃন্দ। আকবর হোসেন খান পাঠান (চিত্র নায়ক ফারুক) ঢাকা-১৭ আসনের আ’লীগ মনোনীত প্রার্থী হয়েও দলের প্রতি শ্রদ্ধা রেখে তিনি ওইদিন স্থানীয় আ’লীগ মনোনীত প্রার্থী মেহের আফরোজ চুমকিকে ভোট দিয়ে যান। অথচ আখতারুজ্জমান ভোট দিতে আসেননি। এ সময় সাবেক ওই এমপিকে ভোট দিতে না আসার যথাযথ জবাব চান স্থানীয় নেতৃবৃন্দ। তবে সভায় তিনি উপস্থিত ছিলেন না। বৃহস্পতিবারের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।