আগামী ৩০ ডিসেম্বরই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট পেছানোর জন্য জাতীয় ঐক্যফ্রন্টের আবেদন, না পেছানোর জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের যুক্তি এবং নিজেদের সুবিধা-অসুবিধা বিচার বিশ্লেষণ করে গতকাল বৃহষ্পতিবার এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বিভিন্ন অসুবিধা থাকা সত্ত্বেও পাঁচ সদস্যর কমিশনের দুইজন ভোট কয়েকদিন পেছানোর পক্ষে ছিলেন। কিন্তু অপর এক নির্বাচন কমিশনার জানুয়ারিতে দেশের উত্তরাঞ্চলে ব্যাপক শীত ও ‘বরফ পড়া’র আশঙ্কার কথা জানিয়ে বিপক্ষে মত দেন। এই মতের পক্ষে বাকি দুইজন সম্মতি দেন। এই অবস্থায় তিনজন কমিশনারের সংখ্যাগরিষ্ঠতার মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন ভোট না পেছানোর পক্ষেই সিদ্ধান্ত গ্রহণ করে। গতকাল সকালে প্রধান নির্বাচন কমিশার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
পরে বিকেলে ইসির মিডিয়ার সেন্টারে প্রেস বিফ্রিং-এ নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, বুধবার ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ কমিশনের নিকট এসে বেশ কিছু দাবি উপস্থাপন করেছে। নির্বাচন কমিশন বৈঠক করে তাদের দাবিগুলো পর্যালোচনা করেছে। তিনি বলেন, বৈঠক করে কমিশনারেরা এই সিদ্ধান্ত নিয়েছেন যে জানুয়ারি মাসে বেশ কয়েকটি আইনি ও সাংবিধানিক বিষয় আছে। হাতে যথেষ্ট সময় নিয়ে কাজগুলো করতে হবে।
অর্থমন্ত্রীকে আটকে দিল ইসি:অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে বারণ করেছে ইসি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপর এক অনুষ্ঠানে যোগ দিতে অনাপত্তি জানিয়েছে তারা। আগামী ১৭ নভেম্বর ঢাকায় ‘ভাই গিরীশচন্দ্র সেন মিউজিয়াম, পাঁচদোনা, নরসিংদী’ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠান হবে। এ অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা। অনুষ্ঠানের অনাপত্তি চেয়ে ইসির কাছে চিঠি দেয় অনুষ্ঠানের আয়োজক সংগঠন ঐতিহ্য অন্বেষণ। গতকাল ইসির উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা চিঠিতে ঐতিহ্য অন্বেষণকে জানানো হয়, অনুষ্ঠানটি অরাজনৈতিক হওয়ায় ইসি অনুষ্ঠানের বিষয়ে অনাপত্তি দিয়েছে। তবে অর্থমন্ত্রী ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারবেন না বলে ইসি সিদ্ধান্ত দিয়েছে। অন্যদিকে আগামী ৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ১০৭, ১০৮ এবং ১০৯তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর উপস্থিতির বিষয়ে ইসি অনাপত্তি জানিয়েছে।