ঝালকাঠির রাজাপুরে বাড়ির জমিজমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সাদিয়া পারভীন নামের এক কলেজ ছাত্রীসহ ৩ জন আহত হয়েছে। গুরুতর আহত কলেজ ছাত্রী বর্তমানে বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ রাজাপুর এলাকার মৃত. আঃ লতিফ তালুকদারের ছেলে জাহিদুল ইসলাম রনির সঙ্গে দীর্ঘদিন একই এলাকার মৃত. মোতালেব তালুকদারের ছেলে মিজানুর রহমান ও মিলন তালুকদারের সঙ্গে বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছে।
গত মঙ্গলবার সকালে মিজানুর রহমান ও মিলন তালুকদার তাদের দলবল নিয়ে জোর পূর্বক জাহিদুল ইসলাম রনির জমির ওপর নির্মাণ করা ঘর ভাংচুর করে। তখন জাহিদুল ইসলাম রনির মা নুরজাহান বেগম ও ছোট বোন রাজাপুর সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী সাদিয়া পারভীন বাধা দিলে প্রতিপক্ষরা এলোপাথারি হামলা চালায়। এতে রনির মা নুরজাহান বেগম (৫০), বোন সাদিয়া পারভিন (১৯) ও মুক্তা আক্তার (২২) আহত হন।
আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিলেও কলেজ ছাত্রী সাদিয়ার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে বরিশাল সেবাচিমে ভর্তি করানো হয়। হামলার ঘটনায় আহতের বড় ভাই জাহিদুল ইসলাম বাদী হয়ে রাজাপুর থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
আরও পড়ুনঃ রাবিসাসের নবগঠিত কমিটির সভাপতি সুজন, সম্পাদক সাইফুল
এ বিষয়ে রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন জানান, ‘লিখিত অভিযোগ পেয়েছি এবং মামলা রেকর্ড করার প্রস্তুতি চলছে।’
ইত্তেফাক/নূহু