ইয়াবা তৈরির উপাদান এমফিটামিন ও ইয়াবা উদ্ধারের মামলায় নাইজেরিয়ান নাগরিক আজাহ অ্যানাওচুকওয়া ওনিয়ানুসির জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। তবে তার পাসপোর্ট জব্দই থাকছে।
মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঐ পাসপোর্ট জব্দ রাখার আদেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ ও আসামি পক্ষে বিএম ইলিয়াস কচি শুনানি করেন। শুনানির এক পর্যায়ে আদালত বলেন, এদেশে অনেক নাইজেরিয়ান রয়েছেন। এদের অনেকেই এদেশে পড়াশুনা করেন। তাদের অনেকের বিরুদ্ধেই নানা অভিযোগ পাওয়া যাচ্ছে। এটা কেন? উচ্চ শিক্ষা নিতে আসছে সেটার মধ্যে সীমাবদ্ধ থাকলে তো সমস্যা হয় না।
গত বছরের ২৭ জুন রাজধানীর খিলক্ষেতের লা মেরিডিয়ান হোটেলের পাশ থেকে ৫০০ গ্রাম আইসসহ (ক্রিস্টাল মিথাইল এমফিটামিন) তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
এ ঘটনায় ভাটারা থানায় করা মামলায় বলা হয়, স্টুডেন্ট ভিসায় দুই বছর আগে বাংলাদেশে আসেন নাইজেরিয়ান এই নাগরিক। বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে ভর্তি হন। এক পর্যায়ে গার্মেন্ট ব্যবসা শুরু করেন। এর আড়ালে নতুন মাদক আইসের বাণিজ্য শুরু করেন তিনি।
এই মামলায় গত ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট তাকে জামিন দেয়। এই জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে আপিল বিভাগ জামিন স্থগিতের আবেদন খারিজ করে দেয়।
ইত্তেফাক/জেডএইচ