নির্বাচন পেছানোর আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, সারা দেশে এখন নির্বাচনের আমেজ চলে এসেছে। এই মুহূর্তে আর নির্বাচন পেছানো ঠিক হবে না। নির্বাচন হবে কি হবে না, তা নিয়ে মানুষের মনে সন্দেহের সৃষ্টি হবে। গতকাল বুধবার দুপুরে বারিধারায় এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেকের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল বি. চৌধুরীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর বদরুদ্দোজা চৌধুরী সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন। বিএনপির নয়াপল্টনের কার্যালয়ের সামনে যানবাহন ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে বি. চৌধুরী বলেন, ‘এটি নির্বাচনকে নস্যাত্ করার ষড়যন্ত্র। মনোনয়নপত্র জমা দেওয়ার আনন্দ উত্সবে নেতা-কর্মীরা কেন লাঠি নিয়ে আসবে? কেন যানবাহনে আগুন দেবে? এগুলো পরিকল্পিত ষড়যন্ত্র।’