যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। সম্প্রতি বাংলাদেশ সরকার নিয়ম করেছে, যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। যে নিয়মের মধ্যে পড়ে গেছেন গতকাল সকালে ঢাকায় আসা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ব্যাটিং কোচ জন লুইস। ইংলিশ এই সাবেক ক্রিকেটারকে দুই সিরিজের জন্য নিয়োগ দিয়েছে বিসিবি।
বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টাইন করলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজের আগে লুইস বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে পারবেন না। তাই ৪৫ বছর বয়সী এই কোচের জন্য বিশেষ অনুমতি চেয়েছে বিসিবি। স্বাস্থ্য অধিদপ্তরের কাছে এ সংক্রান্ত আবেদন পাঠানো হয়েছে। গতকাল বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, পরপর দুইবার করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট পেলে দলের সঙ্গে যোগ দিতে পারবেন লুইস।
গতকাল যুক্তরাজ্য থেকে আসা ব্যাটিং কোচের কোয়ারেন্টাইন বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘ব্রিটিশ নাগরিকদের ক্ষেত্রে ১৪ দিনের বিধিনিষেধ রয়েছে। আমরা সে ব্যাপারে সরকারের সঙ্গে কথা বলেছি। সংশ্লিষ্ট অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি। বিশেষ অনুমতির জন্য আবেদন করা হয়েছে। শুধু জন লুইস নন আরো যে কজন ব্রিটিশ স্টাফ রয়েছেন তাদের মওকুফের জন্য আবেদন করা হয়েছে। এটি ইতিপূর্বেও সরকার আমাদের দিয়েছিলেন সেটা প্রক্রিয়াধীন আছে। পরপর দুইটি পরীক্ষায় নেগেটিভ প্রমাণিত হলেই তারা দলের সঙ্গে যোগ দিবেন।
ইত্তেফাক/এসআই