আর্সেনালের কোচ মাইকেল আর্তেতা বলেছেন, মেসুত ওজিলের সঙ্গে ক্লাবের বর্তমান সমস্যার সেরা সমাধান হচ্ছে তার ক্লাব ছেড়ে চলে যাওয়া। প্রায় মৌসুম জুড়ে জার্মান এই প্লে মেকারকে বসিয়ে রেখেছে গানাররা।
ক্লাবটির সবচেয়ে বেশী উপার্জনকারী এই তারকা সর্বশেষ আর্সেনালের হয়ে মাঠে নেমেছিলেন গত বছর ৭ মার্চ। ওয়েস্ট হ্যামের বিপক্ষে ওই ম্যাচে ১-০ গোলে জয়লাভ করেছিল আর্সেনাল। ক্লাবটির সঙ্গে ৩২ বছর বয়সী ওজিলের চুক্তির মেয়াদ রয়েছে আর মাত্র ছয় মাস। এখন থেকেই তিনি আগামী মৌসুমের ক্লাব পছন্দের জন্য আলোচনা শুরু করতে পারবেন।
আগামী সপ্তাহ গুলোতেই লন্ডনে আট বছর ধরে অবস্থানের ইতি টানতে পারেন ওজিল। তুরস্কের গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী ফেনারবাচের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন ওজিল। এদিকে গানার কোচ আর্তেতা বৃহস্পতিবার বলেন,‘ নিকট ভবিষ্যতে তার জন্য কোনটা সেরা সমাধান হবে সে বিষয়ে আমরা আলোচনা করব। সেখানে অবশ্যই ওই খেলোয়াড়ের পাশাপাশি তার এজেন্টও থাকবে। অবশ্যই সবার জন্য সেরা সমাধানটিই খুঁজতে হবে।’
আর্তেতা বলেন,‘ এই মাসেই যদি কিছু করা যায় তাহলে উভয় পক্ষের জন্যই ভাল। এটি মেসুত ওজিলের ভবিষ্যতের জন্যও ভাল আবার ক্লাবের জন্যও। বিষয়টি যদি এমনই হয় তাহলে আমরা অবশ্যই সামনের দিকে এগিয়ে যাব। না হলে সে ক্লাবেই থাকবে।’
এই মৌসুমের প্রিমিয়ার লিগ ও ইউরোপা লিগের স্কোয়াডে ওজিলকে রাখেনি আর্সেনাল। তবে স্কোয়াডে যুক্ত হলে এফএ কাপের তৃতীয় রাউন্ডে নিউক্যাসলের বিপক্ষে খেলতে পারবেন তিনি।
জানুয়ারিতে দল বদলের পর ক্লাবটি তাদের স্কোয়াডে পরিবর্তন আনতে পারে। তবে আর্তেতা ইঙ্গিত দিয়েছেন, আরো ছয়মাস ক্লাবে কাটালেও ওজিলকে স্কোয়াড থেকে বর্জনের বিষয়ে কোন পরিবর্তন ঘটবে না।
২০১৬ সালে খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেয়ার আগে ওজিলের সতীর্থ হিসেবে আর্সেনালে তিন মৌসুম কাটানো আর্তেতা বলেন,‘ আমরা জানি দলে একজন গুরুত্বপূর্ণ প্লে মেকার রয়েছে। অতীতে তিনি ক্লাবের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমাদের একটি সিদ্ধান্ত নিতে হবে। আমাকে একটি সিদ্ধান্তে আসতে হবে এবং সেটি আমি নিয়ে রেখেছি।’
ইত্তেফাক/এমআর