সবজি

গুণের আধার টমেটো

 

অত্যন্ত জনপ্রিয় একটি সবজি। আশ্চর্যজনক খাদ্য হিসেবে টমেটোর রয়েছে ব্যাপক পরিচিতি। এর পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক গুণাবলিও সর্বাধিক। টমেটো কাঁচা এবং পাকা উভয় অবস্থাতেই খাওয়া যায়। কাঁচা টমেটোতে পাকা টমেটোর চেয়ে প্রোটিন, ভিটামিন সি, খনিজ পদার্থ, লৌহ ও খাদ্যশক্তি বেশি থাকে। তবে বিশেষ করে শর্করার পরিমাণ একই। শুধু পুষ্টির দিক থেকেই নয়, ভেষজগুণেও টমেটোর বিরাট অবদান রয়েছে। কিডনি সমস্যায়, বহুমূত্র রোগে, জণ্ডিসে, বদহজমে, চোখের রোগ নিরাময়ে, মূত্রাশয়ের ত্রুটি দূর করতে, বদহজমজনিত ডায়রিয়ায়, অন্ত্র ও পাকস্থলির যন্ত্রণায়, হাঁপানি রোগে, লিভারের দুর্বলতায়, অতিরিক্ত গ্যাস নির্গমনে, শরীরের ওজন কমাতে টমেটো অতুলনীয়। এছাড়া টমেটোর পাতা বেটে মুখমণ্ডলে প্রলেপ দিলে মুখের সৌন্দর্য বৃদ্ধি পায়।

টমেটো রান্না ছাড়া কাঁচা অবস্থায় খেলে এর গুণাগুণ ও পুষ্টিমান বহাল থাকে। টমেটো সালাদে ব্যবহার করে সহজেই কাঁচা অবস্থায় খাওয়া যায় এবং জনপ্রিয়তাও রয়েছে। টমেটো চাটনি কিংবা সস করেও খাওয়া যায়। গবেষণা প্রতিবেদনে জানা গেছে, বিভিন্ন ধরনের সবজির চেয়ে টমেটোতে ক্যান্সার নিরোধক উপাদান অনেক বেশি আছে। প্রচুর পরিমাণে টমেটো ও টমেটোর তৈরি খাবার খেলে বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি হ্রাস পায়। গবেষকদের মতে, প্রোস্টেট গ্ল­ান্ড, ফুসফুস, পাকস্থলি, মুখ, স্তন, অগ্ন্যাশয়, অন্ননালি ও ঘাড়ের ক্যান্সারসহ বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি হ্রাসে টমেটো বিরাট অবদান রাখে।