ইত্তেফাক ডেস্ক
তালায় রবিবার সকালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। এছাড়া একই দিন বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরো তিন জন নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
তালা (সাতক্ষীরা): যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পানিতে পড়ে দুই জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার পাটকেলঘাটা এলাকার শাকদহা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রামপদ মন্ডল (৪৫) ও অতিঙ্কার মন্ডল (৪৮)। পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সুনামগঞ্জ: যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সোহেল মিয়া (৩২) নামে সিএনজি অটোরিকশার চালক নিহত হয়েছেন। তার বাড়ি সিলেটের লালাবাজার এলাকায়। সকালে সুনামগঞ্জ-সিলেট সড়কের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জয়কলস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাউফল (পটুয়াখালী): সকালে উপজেলার বিলাস গ্রামে মোটর সাইকেলের ধাক্কায় মিনারা বেগম (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। সে ঐ গ্রামের বজলুর রহমান কবিরাজের স্ত্রী। বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জুড়ী (মৌলভীবাজার): উপজেলার জুড়ী-লাঠিটিলা সড়কের স্মরণ রায় ব্রিজের পাশে দুপুরে মিনি পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে হোসাইন আহমেদ (২৩) নামে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সের আবাসিক চিকিত্সক ডা. শহীদুল আমীন বিষয়টি নিশ্চিত করেছেন।